‘মুজিব বর্ষে’ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনার সিদ্ধান্ত
ঢাকার সব বাসকে ছয়টি কোম্পানির আওতায় এনে তাদের মাধ্যমে রাজধানীর ২২টি রুটে যাত্রী পরিবহনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০২০ সালের ডিসেম্বরের মধ্যে অর্থাৎ ‘মুজিব বর্ষে’ এই পরিকল্পনা বাস্তবায়ন করে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনা হবে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন।
মঙ্গলার নগর ভবনে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গঠিত কমিটির বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন।
সাঈদ খোকন বলেন, “আমরা আজকের সভায় সিদ্ধান্ত নিয়েছি, বর্তমানে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে ছয়টি কোম্পানির আওতায় আনা হবে। আর এই ছয়টি কোম্পানি ২২টি রুটে বাস পরিচালনা করবে। এতে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফিরে আসবে।
“আপনারা জানেন ২০২০ সালকে মাননীয় প্রধানমন্ত্রী ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছেন। আমরা বাস রুট র্যাশনালাইজেশনে যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি মুজিব বর্ষের মধ্যেই ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই।”
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। আসছে ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মের শত বছর পূর্ণ হবে। আর ঠিক পরের বছর ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
২০২০ থেকে ২০২১ সাল-এই বছরকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই কর্মসূচি শেষ করার ঘোষণা দিয়েছেন তিনি।
ঢাকা দক্ষিণের মেয়র জানান, এপ্রিলের শেষ সপ্তাহে মতিঝিল এলাকায় এবং মে মাসের প্রথম সপ্তাহে উত্তরায় সার্কুলার বাস সার্ভিস চালু করা হবে। এছাড়া গুলিস্তান থেকে সদরঘাট হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত আরেকটি সার্কুলার রুট চালু করা যায় কি না তা নিয়েও চিন্তাভাবনা করা হচ্ছে।
“এছাড়া পুরান ঢাকার গুলিস্তান থেকে এই বাস চলাচলের সম্ভাব্যতা আমরা যাচাই করে দেখব। যদি ইতিবাচক কিছু পাই তাহলে গুলিস্তান থেকে বাবুবাজার মোড়, সদরঘাট, ধোলাইখাল, যাত্রাবাড়ী হয়ে বঙ্গবাজার মোড় এবং গুলিস্তান পর্যন্ত চক্রাকারে বাস চলাচল করবে। এটা হলে কোর্টকাচারি এলাকা এবং সদরঘাট হয়ে দক্ষিণবঙ্গে যাতায়াতকারীদের অনেক উপকার হবে।”
সভায় এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান মশিয়ার রহমান, ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক রাকিবুল হক খন্দকার, ডিটিসিএর সাবেক নির্বাহী পরিচালক ড. সালেহ আহমেদ, বিআরটিসির চেয়ারম্যান মো. ফরিদ আহমেদ ভূঁইয়া, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান আলী, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
