পাঁচ কোটি টাকা দিয়ে পা লাগালেও আগের জীবন পাব না: রাসেল
গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো রাসেল সরকার বলেছেন, যা-ই করা হোক তিনি তো আর তার আগের সেই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন না।
হাই কোর্টের নির্দেশে ৫০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকার চেক পাওয়ার পর সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া দেন তিনি।
বুধবার আদালত প্রাঙ্গণেই রাসেল সাংবাদিকদের বলেন, “টাকা বড় কথা না। সব থেকে বড় কথা হল মানুষের একটি অঙ্গ। যে অঙ্গ একমাত্র ‘উপর আল্লাহ’ ছাড়া আর কেউ দিতে পারে না।
“আমি যদি আজ পাঁচ কোটি টাকা দিয়েও পা লাগাই তাহলেও আমি আগের জীবনে ফিরে যেতে পারব না।”
রাসেলকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাই কোর্ট, তার মধ্যে ৫ লাখ টাকা এদিন পরিশোধ করেছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ।
বাকি ৪৫ লাখ টাকা এক মাসের মধ্যে রাসেলকে বুঝিয়ে দিতে গ্রিন লাইনের মালিককে নির্দেশ দিয়েছে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ।
রাসেল ও গ্রিন লাইন পরিবহনের মালিক হাজী মো. আলাউদ্দিনের উপস্থিতিতে আদালত বুধবার এই আদেশ দেয়।
রাসেল সরকার এক সময় ছিলেন প্রাইভেটকারের চালক। গত বছর ২৮ এপ্রিল যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
তাকে বাঁচাতে একটি পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা। ক্ষতিগ্রস্ত অন্য পায়ের চিকিৎসার জন্যও গ্রিন লাইন কর্তৃপক্ষকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
গ্রিন লাইনের ওই চালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে রাসেল বলেন, “সেটা এখনও কিছু হয়নি। মামলার চার্জশিটের জন্য ১৫ দিন আগে যাত্রাবাড়ী থানার এসআইকে চিঠি পাঠিয়েছি। তিন দিন আগে তিনি জানিয়েছেন, চার্জশিট তিনি প্রস্তুত করেছেন। তবে এখনো আদালতে জমা দেয়নি। আমি চাই, চালকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
রাসেল সরকার বলেন, “আজকে গ্রিনলাইনের পক্ষ থেকে আমাকে পাঁচ লাখ টাকার একটা চেক দেওয়া হয়েছে। আদালত বলেছেন, আগামী এক মাসের মধ্যে বাকি ৪৫ লাখ টাকা পরিশোধ করার জন্য।
“আদালতের আদেশের বাইরে আমরা যেতে পারি না। আদালতের রায়কে আমাদের মানতে হবে। আদালতের রায়টা যেন দ্রুত কার্যকর হয় এটাই প্রত্যাশা করছি।”
