২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপূর্তকে আগে আস্থা অর্জন করতে হবে: মেয়র খোকন

ঘিঞ্জি আর ঘনবসতিপূর্ণ পুরান ঢাকাকে ভূমি পুনঃ উন্নয়নের মাধ্যমে বদলে দেওয়ার যে ধারণা নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এগোতে চাইছে, তা বাস্তবায়ন করতে হলে গণপূর্ত বিভাগকে আগে মানুষের আস্থা অর্জন করতে হবে বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 09:40 PM

Updated : 18 Aug 2022, 05:06 PM

তিনি বলেছেন, “এজন্য সবার সঙ্গে মতবিনিময় করা যেতে পারে। আস্থা না নিয়ে কাজ করলে যে কোনো ধরনের সমস্যা তৈরি হতে পারে।”

দক্ষিণের নগর ভবনের সেমিনার কক্ষে ডিএসসিসিতে যুক্ত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলরদের সঙ্গে সোমবার এক মতবিনিময় সভায় মেয়রের এই মতামত আসে।

সিঙ্গাপুরের মডেল অনুসরণ করে পুরান ঢাকাকে ঢেলে সাজানোর জন্য ২০১৭ সালে একটি ধারণাপত্র তৈরি করে রাজউক।

সেখানে বলা হয়, ঘনবসতিপূর্ণ খণ্ড খণ্ড প্লটগুলোকে একত্র করে ভূমি পুনঃ উন্নয়নের (রি-ডেভেলপমেন্ট) মাধ্যমে ব্লকভিত্তিক বহুতল আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। আগের ছোট ছোট ভবনের বাসিন্দাদের স্থানান্তর করা হবে সেই বহুতল ভবনে। ওই জমিতেই খেলার মাঠ, পার্ক, রাস্তা, স্কুল, ব্যবসাকেন্দ্রসহ অন্যান্য নাগরিক সুবিধার ব্যবস্থা করা হবে।

পরিকল্পনায় বলা হয়, অধিগ্রহণ করা ভবনের মালিকরাই জমির মালিক হবেন। অধিগ্রহণ করা জমির আনুপাতিক হারে বহুতল ভবন ও ব্যবসাকেন্দ্রের বরাদ্দ দেয়া হবে রাজউক থাকবে অংশীদার হিসেবে।

পাইলট প্রজেক্ট হিসেবে সে সময় বংশালের ২ দশমিক ২ একর জমি বেছে নেওয়া হয়, যেখানে বর্তমানে ৭৭টি স্থাপনায় ৩১৬ ইউনিট পরিবারের বসবাস।

রাজউকের পরিকল্পনায় বলা হয়, রি-ডেভেলপমেন্টের মাধ্যমে ওই জমিতেই প্রায় ৭০০ পরিবারকে জায়গা দেওয়া যাবে। পাশাপাশি নাগরিক সুবিধার জন্য করা যাবে বাড়তি স্থাপনা।

কিন্তু ওই বছর অক্টোবরে মেয়র খোকনের উপস্থিতিতে সিটি করপোরেশনের এক মতবিনিময় সভায় রাজউকের পরিকল্পনা নিয়ে আপত্তি জানান বংশালের ওই এলাকার বাসিন্দারা। তারা বলেন, প্রকল্পটি নিয়ে তারা আস্থার সঙ্কটে ভুগছেন; এটা বাস্তবায়নে কত বছর সময় লাগবে, সে বিষয়েও তারা সন্দিহান।

ওই মতবিনিময় সভার পর মেয়র রাজউকের পরিকল্পনাটি স্থগিত করার কথা জানালেও গত ফেব্রুয়ারি মাসে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের মৃত্যুর পর পুরান ঢাকাকে নতুন করে গড়ে তোলার প্রস্তাবটি আবারও সামনে আসে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময় পুরান ঢাকাকে নতুন করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, পুরান ঢাকার জরাজীর্ণ ভবনগুলো ভেঙে আধুনিক ভব্ন নির্মাণ করে মালিকদের ফ্ল্যাট দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার।

সোমবারের মতবিনিময় সভায় মেয়র খোকন বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যুক্ত নতুন ওয়ার্ডগুলোর আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে ‘মডেল শহর’ হিসেবে গড়ে তোলা সম্ভব। কিন্তু সেজন্য কিছুটা সময় লাগবে।

“এটা আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সংযুক্ত ওয়ার্ডগুলোকে নতুন প্রজন্মের জন্য মডার্ন সিটি হিসেবে দেখতে চাই।”

আমলাতান্ত্রিক জটিলতার কারণে উন্নয়ন কাজে বেগ পেতে হচ্ছে মন্তব্য করে এ জটিলতা কাটানোর আহ্বান জানান মেয়র।

সরকারের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “যত দ্রুত সম্ভব এই আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সেবার পথ খুলে দেওয়া হোক। আমরা জনগণের ভোটে নির্বাচিত। তাই জনগণের কাছে দায়বদ্ধ এবং ঋণী। সেবা দিয়েই এ ঋণ শোধ করতে হবে।”

সিটি করপোরেশনের জনবল সঙ্কটের কথা কলে ধরে মেয়র বলেন, যা থাকার কথা, তার ৪০ শতাংশ জনবল নিয়ে তাদের কাজ করতে হচ্ছে। 

“দীর্ঘ চার বছরেও আমরা জনবল সঙ্কট কাটিয়ে উঠতে পারিনি। জনবল কঠামো অনুমোদন না হওয়া অনুতাপের বিষয়। অনেক বছর ধরে আমারা কম জনবল নিয়েই কাজ করে আসছি। উত্তর সিটি ও রাজউকের অবস্থাও একই রকম।”

অন্যদের মধ্যে সংসদ সদস্য হাজী মো. সেলিম, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মোস্তফা কামাল মজুমদার মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।