২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এনবিআর চেয়ারম্যানকে তামাক কর নিয়ে প্রস্তাব দিয়েছে ‘আত্মা’

তরুণ, নারী ও দরিদ্র জনগোষ্ঠীকে তামাক থেকে দূরে রাখতে এর ওপর কর আরোপ নিয়ে একটি প্রস্তাব দিয়েছে তামাকবিরোধী সংগঠন অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2019, 02:52 AM

Updated : 18 Aug 2022, 05:06 PM

রোববার জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তারা এই দাবি জানান।

আত্মার পক্ষ থেকে সংগঠনের সদস্য  চ্যানেল আই-এর জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাশরুর জামান রনি প্রস্তাবনা তুলে ধরেন।

প্রস্তাবনায় তিনি বলেন, “বাংলাদেশে তামাক পণ্য সস্তা এবং তা ক্রমশ আরও সস্তা হচ্ছে। এছাড়া বিদ্যমান তামাক কর-কাঠামো অত্যন্ত জটিল। তামাক কোম্পানিগুলো উচ্চস্তরের সিগারেট নিম্নস্তরে ঘোষণা দিয়ে রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ পাচ্ছে।

“বাংলাদেশে বর্তমানে তামাক ব্যবহারকারীদের মধ্যে ৫০ শতাংশেরও বেশি মানুষ ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করেন, অথচ মোট তামাক রাজস্বের মাত্র ০.২ শতাংশ আসে ধোঁয়াবিহীন তামাক থেকে।”

সিগারেটের মূল্য স্তর চারটি থেকে কমিয়ে দুটিতে (নিম্ন ও উচ্চ) নিয়ে আসা, বিড়ির ফিল্টার এবং নন-ফিল্টার মূল্য বিভাজন তুলে দেওয়া এবং ধোঁয়াবিহীন তামাক পণ্যের (জর্দা ও গুল) ট্যারিফ ভ্যালু প্রথা বিলুপ্ত করা এবং সব তামাকপণ্যের খুচরা মূল্যে ১৫ শতাংশ ভ্যাট বহাল রাখার প্রস্তাব দেন রনি।

মাশরুর জামান রনি বলেন, “এসব প্রস্তাব গ্রহণ করা হলে প্রায় ৩.২ মিলিয়ন প্রাপ্তবয়স্ক ধূমপায়ী (১.৩ মিলিয়ন সিগারেট ধূমপায়ী এবং ১.৯ মিলিয়ন বিড়ি ধূমপায়ী) ধূমপান ছেড়ে দিতে উৎসাহিত হবে। সিগারেটের ব্যবহার শতকরা  ১৪ ভাগ থেকে হ্রাস পেয়ে প্রায় ১২.৫ ভাগ এবং বিড়ির ব্যবহার শতকরা ৫ ভাগ থেকে কমে ৩.৪ ভাগ হবে।

“এছাড়া দীর্ঘমেয়াদে ১ মিলিয়ন বর্তমান ধূমপায়ীর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে এবং ৬ হাজার ৬৮০ কোটি থেকে ১১ হাজার ৯৮০ কোটি টাকার মধ্যে (জিডিপির ০.৪ শতাংশ পর্যন্ত) অতিরিক্ত রাজস্ব আয় অর্জিত হবে। “

প্রস্তাবনার প্রেক্ষাপটে এনবিআর চেয়ারম্যান বলেন, “২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ঘোষনা রয়েছে সে ব্যাপারে আমরা আপসহীন। আমরা কাজ করছি।”

প্রাক বাজেট আলোচনার শুরুতে আত্মার কো কনভেনর এটিএন বাংলার নিউজ এডিটর নাদিরা কিরণ গত বছর তামাকের বিষয়ে এনবিআরের সহযোগিতার প্রশংসা করেন।

আলোচনা সভায় আত্মার পক্ষে অংশ নেন একাত্তর টিভির যুগ্ম প্রধান বার্তা সম্পাদক মনির হোসেন লিটন, দৈনিক জনকণ্ঠের সিটি এডিটর কাওসার রহমান, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা, আত্মার আহ্বায়ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অপরাধ বিষয় প্রধান প্রতিবেদক মর্তুজা হায়দার লিটন এবং আত্মার কো কনভেনর যুগান্তরের জ্যেষ্ঠ সাংবাদিক মিজান চৌধুরী।

আলোচনা সভা শেষে আত্মা’র পক্ষ থেকে ২০১৯-২০ অর্থবছরের জন্য তামাক-কর বিষয়ক বাজেট প্রস্তাবনার একটি অনুলিপি এনবিআর চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়।