৩৬ কোটি টাকা ‘আত্মসাতে’ আসামি হচ্ছেন এবি ব্যাংকের ৩ কর্মকর্তা
এবি ব্যাংকের সাড়ে ৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ও বর্তমান তিন কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার কমিশন এ মামলা দায়েরের অনুমোদন দিয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিগগিরই এ মামলা দায়ের করা হবে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হচ্ছে।”
মামলায় যাদের আসামি করা হচ্ছে তারা হলেন- গাজীপুরের বিটস ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাসলিম আহমেদ, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক শামীমা আহমেদ, ফেয়ার ট্রেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জসিম আহম্মেদ, এবি ব্যাংকের সাবেক সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও কাকরাইল শাখার ব্যবস্থাপক মো. ছাইফুল ইসলাম খান (বর্তমানে এসভিপি ও হেড অব ক্রেডিট, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড মনিটরিং, প্রধান কার্যালয়), সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আল আমিন মিয়া এবং সাবেক এসএভিপি মো. আজাদ হোসেন।
এ সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ে মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে এবি ব্যাংক লিমিটেডের কাকরাইল শাখা থেকে ঋণ নিয়ে সুদসহ ব্যাংকের ৩৬ কোটি ৬৭ লাখ ২৩ হাজার ৬৩৯ টাকা আত্মসাৎ করেন।
এতে বলা হয়, ব্যাংক হিসাব খোলার আগেই ঋণ গ্রহীতারা ব্যাংকের প্রধান কার্যালয়ে ঋণ প্রস্তাব করেন।এরপর কম মূল্যের জমি ও ভবন বেশি মূল্য দেখিয়ে মর্গেজ নেওয়া হয়। পর্যাপ্ত মর্গেজ না নেওয়া, ভবন নির্মাণের ঋণ নিয়ে ভবন নির্মাণ না হওয়া সত্ত্বেও এ ঋণ বিতরণ করা হয়। এছাড়া ঋণ যে কাজে নেওয়া হয়েছে সেই কাজে ব্যবহার না করে ব্যাক টু ব্যাক এলসির মালামাল সঠিক সময়ে রপ্তানিও করা হয়নি।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক ও উপ-সহকারী পরিচালক মো. সহিদুর রহমান এই অভিযোগের অনুসন্ধান করেন।
