২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় লাশ: থানায় ছবি-কাপড় দেখে ইকবালের খোঁজ পেলেন স্বজনরা

রাজধানী থেকে নিখোঁজ হওয়ার একদিন পরেই তরুণ ইকবাল মাহমুদের লাশ মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে পাওয়া গেলেও পুলিশের কাছে এতদিন তিনি ছিলেন অজ্ঞাত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2019, 03:58 AM

Updated : 10 Oct 2022, 09:03 PM

গত ২ এপ্রিল লাশ উদ্ধারের পর কবরও দেওয়া হয়েছিল ঢাকার একটি সিএ ফার্মের ইন্টার্ন এই তরুণকে। এর চারদিন পর শনিবার সকালে স্বজনরা থানায় গিয়ে তার কাপড় ও ছবি দেখে বুঝতে পারেন তাদের প্রিয়জন আর নেই।

এখন তার লাশ কবর থেকে তুলে স্বজনদের কাছে দেওয়া হবে বলে শিবচর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানিয়েছেন।

চার বোনের একমাত্র ভাই ইকবাল তেজগাঁও থানার পাশে ‘বিসমিল্লাহ’ নামের একটি ছাত্রবাসে থাকতেন। তিনি নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার তার ল্যাপটপ একটি কুরিয়ার সর্ভিসের মাধ্যমে চট্রগ্রামে তার বোনের বাসায় কে বা কারা পাঠিয়ে দেয়।

ইকবালের স্বজন এনায়েতুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্রগ্রাম ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে লেখাপড়া করা ইকবাল ঢাকার পান্থপথে ইউটিসি ভবনে মসিহ মুহিত হক অ্যান্ড কোম্পানি নামের একটি চার্টার্ড অ্যাকাউটেন্ট ফার্মে ইন্টার্নি করছিলেন।

গত ৩১ মার্চ চট্রগ্রামে অবস্থানরত তার মায়ের সঙ্গে সর্বশেষ কথা হয় ইকবালের। এরপর তার ফোন বন্ধ পান পরিবারের সদস্যরা।

ইকবালের বাবা শাহ মাহাম্মদ ইমরান মাত্র এক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এনায়েতুর রহিম জানান, পরিবারের সদস্যদের মাধ্যমে ইকবালের খোঁজ নেওয়ার চেষ্টা করা হয়। কোনো কূল-কিনারা না করতে পেরে ইকবালের বোন সাদিয়া ইসরাত বুধবার চট্রগ্রাম থেকে ঢাকায় এসে তেজগাঁও থানায় যান, কিন্তু পুলিশ কোনো অভিযোগ নেয়নি। পরদিন তথ্যমন্ত্রী হাছান মাহমুদকে দিয়ে বলানোর পর ওসি জিডি নেন।  

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মাযহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার তার থানায় আসার বিষয়টি তিনি জানেন না। তারা অভিযোগ দেওয়ার পরেই জিডি নেওয়া হয়।

তবে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ বিষয়ে তার সাথে কথা বলেছেন বলে স্বীকার করেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “জিডি হওয়ার পরপরই সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা পান্থপথে গিয়ে সিএ ফার্মের সংশ্লিষ্টদের সাথে কথা বলেছেন। ইকবালের মোবাইল ফোনের বিষয়ে তথ্য সংগ্রহ করেছেন।”

তবে ইকবাল ঢাকার কোথায় থাকতেন বা যেখান থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলা হচ্ছে, সেখানকার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে কি না তা তার জানা নেই।

এদিকে শিবচর থানা পুলিশ লাশ উদ্ধারের পর দেশের প্রতিটি থানায় ওয়ারলেসে মেসেজ পাঠানোর কথা বললেও সেই মেসেজ পাননি বলে দাবি করেছেন তেজগাঁও থানার ওসি।

শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২ এপ্রিল উদ্ধার হওয়া লাশটি গলিত ছিল। নিয়ম অনুযায়ী সব কিছু করা হয়েছে। দেশের প্রতিটি থানায় অজ্ঞাত হিসাবে মেসেজ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত হয়েছে এবং অঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে দাফন করানো হয়েছে।

শনিবার লাশের দাবি নিয়ে আসার পর আবেদন অনুযায়ী লাশ কবর থেকে তুলে তাদের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ইকবালের বোন সাদিয়া ইশরাত জানান, তার ভাইয়ের মোবাইল ফোনের  ‘লাস্ট লোকেশন’ মাদারীপুরের শিবচরে পাওয়ায় তারা সেখানে গিয়ে বিভিন্ন মাধ্যমে খোঁজাখুজি করে তিন দিন আগে একটি লাশ উদ্ধারের খবর পান। পরে থানায় গিয়ে ছবি দেখে ও লাশের পরনে থাকা পোশাক দেখে ভাইকে শনাক্ত করেন।

“আমার ভাইকে কারা-কেন খুন করেছে, আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা ভাইয়ের হত্যার বিচার চাই,” বলেন তিনি।

কক্সবাজার জেলার চকরিয়া থানার হারবাং গ্রামের শাহ মোহাম্মদ এমরানের একমাত্র ছেলে ছিলেন ইকবাল মাহমুদ। তার চার বোনের মধ্যে একজন চিকিৎসক। অন্যরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। তাদের বাবা চট্রগ্রাম মেডিকেল কলেজের একজন কর্মকর্তা ছিলেন।

এনায়েতুর রহিম জানান, তারা সবাই মিলে যখন ইকবালের সন্ধানে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছিলেন সে সময় ৪ এপ্রিল একটি কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে চট্রগ্রামে ইকবালের বোনের তার ল্যাপটপ পৌঁছে দেওয়া হয়।

লাশ পাওয়ার পর নিজ গ্রামে নিয়ে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।