২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিকাণ্ডের ৯ বছর পরও ঝুঁকিপূর্ণ ভবনটি

নয় বছর আগে অগ্নিকাণ্ড ঘটেছিল পুরান ঢাকার সদরঘাটের ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে, এখনও অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত পদক্ষেপ নেই বহুতল বাণিজ্যিক ভবনটিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2019, 08:21 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

মঙ্গলবার ১৫ তলা ভবনটি ঘুরে দেখে নানা ত্রুটি পেয়ে এর সামনে ‘অগ্নি ঝুঁকিপূর্ণ’ নোটিস ঝুলিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর রাজধানীর অগ্নি-ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে ফায়ার সার্ভিস যে তৎপরতা চালাচ্ছে, তাতেই ধরা পড়েছে ইস্ট বেঙ্গল মার্কেট।

২০১০ সালের অক্টোবরে এই ভবনের সপ্তম তলায় আগুন লাগার পর তা নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস দেখেছিল, এখানে অগ্নিনির্বাপণের কোনো সরঞ্জাম তো নেইই, ছিল না কোনো জরুরি বর্হিগমন পথও।

নয় বছর বাদে মঙ্গলবার পরিদর্শনের পর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোস্তফা মহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপক সরঞ্জাম এবং নির্গমন পথসহ অনেক ধরনের ত্রুটি আমাদের নজরে এসেছে।”

এ বিষয়ে বক্তব্য জানতে ইস্ট বেঙ্গল মার্কেটের মালিকদের কাউকে পাওয়া যায়নি।

Image
বঙ্গবাজার কমপ্লেক্সের মতো ফায়ার সার্ভিসের একই রকম নোটিস ঝুলছে ইস্ট বেঙ্গল সুপার মার্কেটের সামনেও

বঙ্গবাজার কমপ্লেক্সের মতো ফায়ার সার্ভিসের একই রকম নোটিস ঝুলছে ইস্ট বেঙ্গল সুপার মার্কেটের সামনেও

 

অগ্নি নিরাপত্তার শর্ত পূরণ করা হলে ভবনের সামনে টানিয়ে দেওয়া সতর্কবার্তার ব্যানারটি সরিয়ে নেওয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মহসীন।

এফআর টাওয়ারসহ সাম্প্রতিক কয়েকটি অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে অগ্নি নিরাপত্তার বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণ করা ও প্রতিটি ভবনে কমপক্ষে দুটি এক্সিটওয়ে রাখাসহ একগুচ্ছ নির্দেশনা দেন  প্রধানমন্ত্রী।

ঢাকার ভবনগুলো পরিদর্শনের জন্য ২৪টি দল গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ও। এই দলগুলো ভবন পরিদর্শন করে প্রতিবেদন দিলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পুরনো খবর:

সদরঘাটের ভবনটিতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম ছিল না