২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাটের ভবনটিতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম ছিল না

পুরান ঢাকার সদরঘাটে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনটিতে অগ্নিনির্বাপণের কোনো সরঞ্জামই ছিল না বলে জানিয়েছেন দমকল বাহিনীর এক কর্মকর্তা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 06:35 PM

Updated : 26 Apr 2022, 01:27 AM

সদরঘাটের ১৪ তলা ইস্ট বেঙ্গল মার্কেট ভবনের সপ্তম তলায় শুক্রবার রাত ৮টার দিকে আগুন লাগে।

আগুন নেভানোর পর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক দীলিপ কুমার ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবনটিতে কোনো জরুরি বর্হিগমন পথ পর্যন্ত নেই। এ কারণে দুর্ঘটনাকবলিত এই ভবনটির লোকজন পাশের ১৪ তলা একটি ভবন বেয়ে নিচে নামতে বাধ্য হয়।”

আগুন নেভানোর প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে গিয়েও দমকল বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয় বলে জানান দীলিপ কুমার।

তিনি বলেন, “ভবনটির রিজার্ভ ট্যাংকের পানি ব্যবহার করার কোনো সুযোগই ছিলো না। আমাদের (দমকল) গাড়িতে সংরক্ষিত পানি ফুরিয়ে গেলে পাশের বুড়িগঙ্গা নদী থেকে পানি সংগ্রহ করি।”

“আমরা যখন আগুন নেভানোর কাজ করছিলাম তখন সেখানে ভবন কর্তৃপক্ষের কাওকে খুঁজে পাওয়া যায়নি,” বলেন তিনি।

এ অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে দমকল বাহিনী জানায়।

দমকল বাহিনীর পরিচালক আব্দুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবনের সপ্তম তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

দমকল বাহিনী নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দমকল বাহিনীর আটটি ইউনিট আগুন নেভাতে যায়।