গুলশানের অগ্নিকাণ্ড তদন্তে ৫ সদস্যের কমিটি
ঢাকার গুলশানের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ড তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।
শনিবার সকালে আড়াই ঘণ্টার এই অগ্নিকাণ্ডে লোহার কাঠামোয় টিনের ছাউনীতে তৈরি ওই কাঁচাবাজারের দেড়শর মতো দোকানের সবগুলোই পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় পাশের পাঁচ তলা গুলশান শপিং সেন্টারের কয়েকটি দোকানও।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস গঠিত তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) শামীম আহসান চৌধুরীকে। এই কমিটির সদস্য সচিব করা হয়েছে সহকারী পরিচালক সালেহ উদ্দিনকে।
দুই বছর আগে এই ডিএনসিসি মার্কেটেই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল; তখন পুড়ে যাওয়া কাঁচাবাজারটি নতুন করে গড়ে তোলার পর আবার পুড়ল।
About 150 stores burned down in a blaze at the makeshift market next to the DNCC Market in Dhaka’s Gulshan-1 on Saturday morning. Photo: Mahmud Zaman Ovi
এই কাঁচাবাজারে মাছ-মাংস, শাক সবজি ও মুদি দোকান ছাড়াও প্রসাধনী ও খাদ্যপণ্যের বহু দোকান ছিল। আমদানি করা শিশু খাদ্য ও সুগন্ধীর জন্য জনপ্রিয় ছিল এই বাজারটি।
দুই বছর আগের অভিজ্ঞতায় দোতলা ডিএনসিসি মার্কেটে অগ্নি নির্বাপনের ব্যবস্থা নেওয়া হয় বলে ওই বিপণি বিতানের ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম তালাল রিজভী জানিয়েছেন।
তবে লাগোয়া কাঁচাবাজারটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারের আগুন নেভাতে অগ্নি নির্বাপনের সরঞ্জাম নিয়ে ভেতরে যাচ্ছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। ছবি: মাহমুদ জামান অভি
ধারণা করা হচ্ছে, কোনো সুগন্ধীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের সময় ভেতরে কেউ ছিলেন না বলে দোকানিরা জানিয়েছেন। তারা বলেন, ফটক তালাবদ্ধ করে বাইরে ছিলেন পাহারাদাররা।
