ঢাকায় আইন অমান্যে ২৭২ গাড়ির বিরুদ্ধে মামলা
ঢাকা মহানগরীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে ট্রাফিক পুলিশ পরিচালিত স্পেশাল টাস্কফোর্সের তৃতীয় দিনে ২৭২টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. ওবায়দুর রহমান বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চার ট্রাফিক বিভাগ গঠিত চারটি স্পেশাল টাস্কফোর্স ট্রাফিক আইন অমান্যকারী মোট ৮২৭টি গণপরিবহনে তল্লাশি করে ২৭২টি গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন, ১৯৫টি গাড়ি রেকারিং ও ১৯টি গাড়ি ডাম্পিং করা হয়েছে।
এর মধ্যে ট্রাফিক উত্তর বিভাগ রাজধানীর ৩০০ ফুট সড়ক, ধউর ব্রিজ ও কামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ৮৪টি গাড়ি রেকারিং এবং নয়টি গাড়ি ডাম্পিংয়ে পাঠায়।
ট্রাফিক পূর্ব বিভাগ ফকিরাপুল, কাজলা ও গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে ৯২টি গাড়ির বিরুদ্ধে মামলা, ৩৯টি গাড়ি রেকারিং ও একটি গাড়ি ডাম্পিং করে।
ট্রাফিক পশ্চিম বিভাগ মানিক মিয়া এভিনিউ ও মিরপুর-১৪ এলাকায় অভিযান চালিয়ে ৪০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ২২টি গাড়ি রেকারিং এবং সাতটি গাড়ি ডাম্পিং করে। আর ট্রাফিক দক্ষিণ বিভাগ জিরো পয়েন্ট ও গোলাপশাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০টি গাড়ির বিরুদ্ধে মামলা, ৫০টি গাড়ি রেকারিং ও দুটি গাড়ি ডাম্পিং করে।
অভিযানকালে ফিটনেসবিহীন ও রুট পারমিটহীন গণপরিবহন, ইন্টারসেকশনে ও বাসস্ট্যান্ডে প্রতিযোগিতামূলক, আড়াআড়িভাবে চলাচলরত এবং অন্য পরিবহনকে বাধা দেওয়া গণপরিবহন, যত্রতত্র থামানো, যেখানে সেখানে যাত্রী উঠা-নামা করা, দরজা খোলা রেখে গণপরিবহন চালানো, লক্কর-ঝক্কর এবং মডেল আউট বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় স্পেশাল টাস্কফোর্স।
২৪ মার্চ থেকে শুরু হওয়া টাস্কফোর্সের এ কার্যক্রম ২৩ এপ্রিল পর্যন্ত রাজধানীজুড়ে পরিচালিত হবে বলে জানান ওবায়দুর রহমান।
