হঠাৎ বিদ্যুতায়িত দোলনা, শিশুর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে মেলার দোলনায় উঠে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বিথী আক্তার (১০) নামের শিশুটি রায়েরবাগের একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। তার বাবার নাম আবু সাইদ।
যাত্রাবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, রায়েরবাগের গিয়াস উদ্দিন সড়কের রশিদবাগ এলাকার একটি মাঠে মেলা চলছে।
“রোববার সকালে ভাইয়ের সঙ্গে মেলায় গিয়ে বিদ্যুৎচালিত নৌকা আকৃতির একটি দোলনায় উঠেছিল বিথী। বৈদ্যুতিক গোলযোগের কারণে এক পর্যায়ে পুরো দোলনাটিই বিদ্যুতায়িত হয়ে পড়লে গুরুতর আহত হয় সে।”
ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সকাল সাড়ে ১১টায় বোনকে হাসপাতালে নিয়ে আসে তার ভাই সুমন। পরীক্ষা করে চিকিৎসকরা বিথীকে মৃত ঘোষণা করেন।
ওসি ওয়াজেদ বলেন, “ঘটনার পর মেলার লোকজন সব মালামাল রেখে পালিয়ে গেছে, আমরা ধরার চেষ্টা করছি।”
দণ্ডবিধির ৩০৪ ক ধারায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।
