২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত ও আরেকজন আহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2019, 01:20 PM

Updated : 08 Apr 2022, 03:57 PM

পুলিশের দাবি, হতাহতরা পেশাদার ছিনতাইকারী।

আনুমানিক ৪০ বছর বয়সী নিহত ছিনতাইকারীর পরিচয় উদ্ধারের চেষ্টা হচ্ছে জানিয়ে মোহাম্মদপুর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস বলেন, আহত আরেক ছিনতাইকারী হান্নানকে (৩৫) পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, “রোববার ভোর ৩ টার দিকে বসিলা গার্ডেন সিটির পাশে রাস্তার মোড়ে কিছু ছিনতাইকারীরা সিলভার রঙের এক্স করোলা প্রাইভেট কার নিয়ে অবস্থান করছিল।

“এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হলে ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুজন আহত হয়।”

তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি গনেশ গোপাল।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ছাড়াও চারটি চাপাতি, একটি পিস্তল ও ছয়টি গুলি জব্দ করা হয়েছে।

গাড়িটিতে একাধিক ভুয়া নম্বর প্লেটও পাওয়া গেছে বলে জানান ওসি।

মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রয়েছে।