বঙ্গবন্ধুর দেশের রাজধানী এত অপরিচ্ছন্ন থাকতে পারে না: আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলরদের সঙ্গে পরিচিতি সভায় নগর পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে নতুন মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যে দেশে বঙ্গবন্ধুর জন্ম সে দেশের রাজধানী এত অপরিচ্ছন্ন থাকতে পারে না।
দুই সপ্তাহ আগে ঢাকা উত্তরের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র পদে জয়ী হওয়া গার্মেন্ট ব্যবসায়ী আতিক বৃহস্পতিবার গুলশানে নগর ভবনে কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
কাউন্সিলরদের উদ্দেশে তিনি বলেন, “আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন ঢাকা গড়তে এসেছি। আমাদের কাজ করতে হবে।
“যে দেশে বঙ্গবন্ধুর মতো মহান নেতা জন্মগ্রহণ করেছিলেন সে দেশের রাজধানী অপরিচ্ছন্ন, আবর্জনাপূর্ণ হয়ে থাকতে পারে না। আমি উপ-নির্বাচনের সময় ডিএনসিসির বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, আমাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক।”
মেয়র আতিকুল ইসলাম বলেন, “মানুষ ড্রেনে ময়লা-আবর্জনা ফেলে, এটা হতে দেয়া যায় না। প্রতিটি দোকানে ডিএনসিসি নির্ধারিত ডিজাইনের ওয়েস্ট বিন এবং দুটি করে ফুল বা গাছের চারা রাখা বাধ্যতামূলক করা হবে, অন্যথায় ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে না।”
নাগরিক সেবা নিশ্চিতে কাউন্সিলররা ‘মেয়রের প্রতিটি কথা নির্দেশ মনে করে একসাথে কাজ করবেন’ বলে প্রতিশ্রুতি দেন ডিএনসিসির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল মোস্তফা।
তিনি বলেন, “মেয়রের নেতৃত্বে আমরা সবাই মিলে ঢাকাকে সুন্দর করব। নগরবাসীর সেবার মান বৃদ্ধি করব।”
সভায় ডিএনসিসির নতুন ওয়ার্ডের কাউন্সিলররা তাদের এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর অনুরোধ করেন। বর্জ্য ব্যবস্থাপনা, মশার উপদ্রব, জলাবদ্ধতা, ফুটপাত দখলসহ বিভিন্ন সমস্যা মেয়রের কাছে তুলে ধরেন তারা।
নানা সমস্যার কথা শুনে আতিকুল ইসলাম বলেন, জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে বিভিন্ন জায়গা পরিদর্শন করেছেন।
“আমরা ওয়াসাকে সাথে নিয়ে বর্ষার আগেই জলাবদ্ধতার সমাধান করব। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছি, ফুটপাত থেকে সকল প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে।”
মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির কর্মীদের উদ্বুদ্ধ করতে শুক্রবার তাদের সঙ্গে সভা করবেন বলে জানান মেয়র আতিকুল ইসলাম। মশা নিয়ন্ত্রণের ওষুধ আনা হয়েছে বলেও জানান তিনি।
মতবিনিময় সভার শুরুতে প্রয়াত মেয়র আনিসুল হক, প্রয়াত প্যানেল মেয়র মো. ওসমান গণি এবং প্রয়াত ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
দুর্যোগ মোকাবেলায় ‘সচেতনতা বাড়ানো জরুরি’
দুর্যোগ মোকাবেলায় এলাকাভিত্তিক সচেতনতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন মেয়র আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এ ধারাবহিকতা ধরে রাখতে সরকারের পাশপাশি এলাকাভিত্তিক নানা সংগঠন এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।”
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি- জাইকার সহযোগিতায় সিডস এশিয়া ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ‘দুর্যোগ সহনশীল নগর’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে।
দুর্যোগ ঝুঁকি হ্রাসে জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজধানীসহ সারা দেশে নগর পর্যবেক্ষণ কার্যক্রম জোরদারের কথা বলেন বক্তারা।
কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারেক বিন ইউসুফ, সিডস এশিয়ার মিডিয়া কনসালটেন্ট সুভেনদ্রিনি কাকুচি ও প্রকল্প সমন্বয়কারী মিহারু সাতো।
এ সময় দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক বুকলেট ‘নগর প্রত্যাশা’র মোড়ক উন্মোচন করেন মেয়র আতিকুল ইসলাম।
