২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুড়িহাট্টা ট্রাজেডি: দোলাসহ আরও ৫ জনের লাশ শনাক্ত

চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের পর একসঙ্গে নিখোঁজ ছিলেন দুই বন্ধু রেহনুমা তারান্নুম দোলা ও ফাতেমাতুজ জোহরা বৃষ্টি। দুই সপ্তাহ পর আগুনে পোড়া লাশের মধ্যে বৃষ্টিকে শনাক্ত করা গেলেও পাওয়া যাচ্ছিল না দোলাকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2019, 06:14 PM

Updated : 18 Aug 2022, 04:58 PM

ঢাকা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতলের মর্গে থাকা বাকি লাশগুলো থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তিন সপ্তাহ পর শনাক্ত করা হয়েছে দোলাকেও।

দোলাসহ আরও পাঁচজনের মরদেহ শনাক্ত করার কথা মঙ্গলবার জানিয়েছেন সিআইডি’র অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন।

অন্য চারজন হলেন হাজী ইসমাইল, ফয়সাল সারওয়ার, মোস্তফা ও মোহাম্মদ জাফর।

রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই পাঁচজনের লাশ শনাক্ত করা হয়েছে।

তিনি জানান, মর্গে থাকা মোট ১৬টি মরদেহের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে। এখনও তিনটি লাশ অশনাক্ত অবস্থায় আছে।

Image
শনাক্তের পর ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়ে যাচ্ছেন স্বজনরা (ফাইল ছবি)

শনাক্তের পর ঢাকা মেডিকেল থেকে লাশ নিয়ে যাচ্ছেন স্বজনরা (ফাইল ছবি)

চকবাজারের চুড়িহাট্টায় গত ২০ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৬৭টি লাশ আনা হয়েছিল ঢাকা মেডিকেলে। তার মধ্যে ৪৮টি লাশ তাদের স্বজনরা চিহ্নিত করে নিয়ে গেলেও বাকিগুলো আগুনে পুড়ে যাওয়ায় খালি চোখে তা শনাক্ত করা যাচ্ছিল না। তাই ডিএনএ পরীক্ষার জন্য সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়।

এই অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে চারজনের মৃত্যু ঘটায় নিহতের সংখ্যা ৭১ জনে পৌঁছেছে।

পুরনো খবর:

চুড়িহাট্টার অগ্নিকাণ্ডের পর থেকে নিখোঁজ বৃষ্টি-দোলা
৪৬ লাশ হস্তান্তর, বাকিদের ডিএনএ সংরক্ষণ হবে
চুড়িহাট্টা ট্র্যাজেডি: ৮ জনের লাশ বুঝে পেলেন স্বজনরা
চুড়িহাট্টা ট্র্যাজেডি: আরও ৩ জনের মৃতদেহ হস্তান্তর