উন্নয়ন প্রকল্প শেষ না হওয়ার আওয়ামী লীগ এমপির ক্ষোভ সংসদে
সময়মতো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন না হওয়া এবং মন্ত্রণালয়গুলো নির্ধারিত সময়ে নিজেদের বরাদ্দ খরচ করতে না পারায় জাতীয় সংসদে অসন্তোষ প্রকাশ করেছেন সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।
বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাব্কে তথ্যমন্ত্রী আবুল কামাল নিজের ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, “কোনো প্রকল্প সময়মতো বাস্তবায়ন হয় না। এর কারণ দক্ষতার অভাব এবং সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে না পারা। একজন মন্ত্রীও বলতে পারবেন না যে একটি প্রকল্প সময়মতো শেষ হয়েছে।”
প্রকল্প বাস্তবায়নে দক্ষ জনবল খুঁজে বের করার আহ্বান জানান সাবেক এই মন্ত্রী।
তিনি বলেন, “বেশিরভাগ মন্ত্রণালয় নিজেদের বরাদ্দের টাকা নির্দিষ্ট সময়ে শেষ করতে পারে না। অর্থবছরের আট মাস চলে গেছে আর্থিক প্রতিষ্ঠান তাদের বরাদ্দের মাত্র ৪ দশমিক ০৩ শতাংশ খরচ করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ ৯৩ কোটি ৬৪ লাখ টাকা। তারা এখন পর্যন্ত খরচ করেছে ১৭ কোটি টাকা। মন্ত্রণালয়গুলো অর্থবছরের শেষের দিকে গিয়ে তড়িঘড়ি করে টাকা খরচ করে। এতে কাজ হয় না। জনগণের টাকার অপচয় হয়।”
আলোচনায় অংশ নিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, “বিএনপি-জামায়াত, জাতীয় ঐক্যফ্রন্ট এবং কিছু সংসদ সদস্য একাদশ সংসদ নির্বাচনের মীমাংসিত ফলাফলকে অমিমাংসিত করার চেষ্টা চালাচ্ছেন। এটা দুঃখজনক। বিএনপির ভরাডুবি অপ্রত্যাশিত ছিল না। যারা সন্দেহ সংশয় বিভ্রান্তি করতে চাইছেন, তারা নতুন ষড়যন্ত্রের বীজ বপন করছে।”
সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, “আমি ফেরেস্তা নই, আমি শয়তান নই। আমি দোষে–গুণে মানুষ। সেভাবে বিবেচনা করবেন।”
সরকারের উন্নয়নের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “এখন কবিতায় কুঁড়ে ঘর আছে, বাস্তবে খুঁজে পাওয়া যায় না। ছেঁড়া কাপড় পরা মানুষ দেখা যায় না। যারা ৯-১০ বছর আগে বিদেশ গিয়েছিলেন, তারা এখন ফেরার সময় বিমান থেকে যখন কুড়িল ফ্লাইওভার দেখেন, মনে করেন লস এঞ্জেলস চলে এসেছেন। সেখান থেকে হাতির ঝিলে গেলে মনে হয় প্যারিস শহরে চলে এসেছেন। বিমান থেকে চট্টগ্রামের আকতারুজ্জামান ফ্লাইওভার যখন দেখেন তখন মনে করেন ব্যাংকক বা সিঙ্গাপুরে চলে গেছেন।”
জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, মাদক বিরোধী অভিযানকে আরও জোরালো করতে হবে। ব্যাংকিং সেক্টরে অনেক বেশি দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে। অর্থখাতে শৃঙ্খলা আনতেই হবে।
আলোচনায় অন্যদের মধ্যে আরও অংশ নেন শেখ তন্ময়, আসাদুজ্জামান নূর, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, রমেশ চন্দ্র সেন, শবনম জাহান প্রমুখ।
