হতাহত পুলিশের স্বজনদের চাকরি হবে: আইজিপি
দায়িত্ব পালনকালে হতাহত হওয়া পুলিশ সদস্যদের পরিবারের কারও যোগ্যতা থাকলে তাকে বাহিনীতে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে যে সব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের স্মরণে শুক্রবার রাজধানীতে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে-২০১৯ ।
সকালে মিরপুরে পুলিশ স্টাফ কলেজে এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৮ সালে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে ১৫৮ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাদের প্রত্যেকের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্য ও পরিবারের সদস্যদের উদ্দেশে মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারী বলেন, “নিহত বা আহত পুলিশ পরিবারের কোনো সদস্যের যোগ্যতা অনুয়ায়ী চাকুরি প্রদান করা হবে।”
পুলিশ সদস্যদের প্রতি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ যথেষ্ট কর্মদক্ষতার পরিচয় দিয়েছে।
“এটা সকলের প্রশংসা অর্জন করেছে। এতেই বোঝা যায়, বাংলাদেশ পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে।”
আইনশৃঙ্খলা রক্ষার সময় আহত ও নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “এদের পরিবারের কারো কোনো সমস্যা থাকলে, তা দেখার দায়িত্ব আমাদের।”
স্বরাষ্ট্রমন্ত্রী স্টাফ কলেজে অস্থায়ী পুলিশ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে দিনের অনুষ্ঠানের সূচনা করেন। মন্ত্রীর পরপরই নিহতদের পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পুলিশের একটি দল সশস্ত্র সালাম দেয়।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক নিহত পুলিশ সদস্যদের পরিবারকে স্মারক, উপহার ও নগদ টাকার চেক তুলে দেন।
কর্তব্য পালনের সময় মারা যাওয়া পুলিশ সদস্যদের স্মরণে ২০১৭ সাল থেকে প্রতি বছর ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হচ্ছে।
