অধ্যক্ষ মাহফুজা হত্যাকাণ্ডে গ্রেপ্তার রেশমা রিমান্ডে
ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যাকাণ্ডে গ্রেপ্তার গৃহকর্মী রুমা ওরফে রেশমাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
এই হত্যামামলার তদন্ত কর্মকর্তা ঢাকার নিউ মার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার বৃহস্পতিবার রেশমাকে ঢাকার আদালতে হাজির করে ১০ দিন হেফাজতের আবেদন জানান।
শুনানি শেষে মহানগর হাকিম মোহাম্মদ দিদার হোসাইন পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি তার নাম-ঠিকানা গোপন করে মিথ্যা নাম-ঠিকানা দিয়ে ঢাকা শহরের বিভিন্ন বাসায় কাজ নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। তদন্তের স্বার্থে, মূল রহস্য উদঘাটন, আর কোনো আসামি জড়িত আছে কি না-তা জানাসহ চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে আসামিকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
আদালতে রেশমার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
বুধবার সকালে মিরপুর ১৩ নম্বর থেকে রেশমাকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।
গত ১১ ফেব্রুয়ারি এলিফ্যান্ট রোডে নিজের ফ্ল্যাটে খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় তার স্বামী ইসমত কাদির গামা মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, মাহফুজাকে একা বাসায় পেয়ে গৃহকর্মীরা শ্বাসরোধে হত্যা করে। পরে ২০ ভরি স্বর্ণ (মূল্য ১০ লাখ টাকা), একটা মোবাইল ফোন, নগদ ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
এরপর পুলিশ গত ১৬ ফেব্রুয়ারি গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না এবং দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগমকে গ্রেপ্তার করে। স্বপ্না হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছে।
মাহফুজা ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। তার স্বামী গামা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
