মিরপুরে পোড়া বস্তির খালে মিললো ২ শিশুর লাশ
মিরপুর ১৪ নম্বর সেকশনে সিআরপি হাসপাতালের পেছনে আগুনে পুড়ে যাওয়া বস্তির খাল থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আড়াই বছর তন্ময় হাসান মেহেদী এবং তিন মাস বয়সী জিয়াসমিনের লাশ দুটি উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহফুজ রিবেন জানান।
ভাষানটেক থানার উপ পরিদর্শক মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশু দুটি আগুনে পুড়ে মারা যায়নি। ডোবার পানিতে পড়ে মারা গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বুধবার রাত দেড়টার দিকে সিআরপি হাসপাতালের পেছনে দুটি বস্তিতে আগুন লেগে পুড়ে যায় হাজারখানেক ঘর।
বস্তির একটি ঘরে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপক বাহিনীর ২১টি ইউনিট রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি জায়গায় ডোবার উপরে বাঁশের খুঁটি দিয়ে ঘর তুলে এই বস্তি গড়ে তোলা হয়েছিল।
“সেখানে দুটি বস্তি আছে। একটি আবুলের বস্তি নামে পরিচিত, অন্যটি জাহাঙ্গীরের বস্তি। আবুলের বস্তির ক্ষতি হয়েছে বেশি।”
এদিকে ক্ষতিগ্রস্ত বস্তিবাসী ঘটনার পর থেকে খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয়ভাবে কিছু সহযোগিতা তারা পেলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
