২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের নতুন হাই কমিশনার আসছেন মার্চে

মিশনের দায়িত্ব নিতে আগামী ১ মার্চ বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাই কমিশনার রিভা গাঙ্গুলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2019, 06:06 PM

Updated : 08 Apr 2022, 03:53 PM

হর্ষবর্ধন শ্রিংলার পর তাকে বাংলাদেশের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিয়োগ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ থেকে বিদায় নিয়ে শ্রিংলা যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন।

রিভা গাঙ্গুলীর বাংলাদেশে দায়িত্ব পালন এটাই প্রথম নয়। এর আগে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) প্রধান হিসেবে ঢাকায় ভারতীয় হাই কমিশনে কাজ করে গেছেন।

বাংলাদেশ থেকে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক বিভাগের পরিচালকের দায়িত্ব নিয়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি। তখন তিনি পরিবেশ ও  জলবায়ু পরিবর্তন  বিষয়ক বিভিন্ন আলোচনায় অংশ নেন। 

আইসিসিআরে যোগ দেওয়ার আগে নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসেও কাজ করেন রিভা।

বাঙালি এই নারী কূটনীতিক ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন রুমানিয়ায়।  

দিল্লি ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনার পাঠ চুকিয়ে সেখানেই শিক্ষকতা শুরু করেছিলেন রিভা। এরপর ১৯৮৬ সালে যোগ দেন ভারতের ফরেন সার্ভিসে।