বিমান বাহিনীর বয়ানে শাহ আমানতে উদ্ধার অভিযান
ঢাকা থেকে দুবাই যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চট্টগ্রামের অবতরণের পর কমান্ডো অভিযানের আগে কীভাবে যাত্রী ও ক্রুদের উদ্ধার করা হয়েছে, তার একটি বিবরণ দিয়েছে বিমান বাহিনী।
সোমবার বাংলাদেশ বিমান বাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই উড়োজাহাজ থেকে ককপিটের জানালা দিয়ে পাইলটকে উদ্ধার করেন বিমান বাহিনীর একজন কর্মকর্তা।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি দেড়শর মতো যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পর অস্ত্রধারী এক যুবক জিম্মি করেন ক্রুদের।
পরে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমানটি অবতরণের পর সব যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়। কমান্ডো অভিযানে নিহত হন ওই যুবক।
বিমান বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বিকালে খবর পেয়ে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিমানটিকে পার্কিংয়ে নিয়ে এসে অতি দ্রুততার সঙ্গে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। বিমান বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী বিমানের চারপাশে একটি নিরাপত্তা বলয় তৈরি করে।
সেনা, নৌ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও বিষয়টি জানানো হয় এবং তারাও উদ্ধার অভিযানে অংশ নেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “যাত্রী এবং ক্রু উদ্ধারের জন্য ছিনতাইকারীর সঙ্গে সমঝোতার প্রচেষ্টা শুরু করেন এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। ছিনতাইকারীকে ব্যস্ত রেখে কৌশলে দুইজন ক্র ছাড়া সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়।
“
বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছিনতাইকারীকে বার বার আত্মসমর্পণের অনুরোধ জানানো হলেও সে রাজি না হওয়ায় সেনাবাহিনীর কমান্ডো দল বিমানে ঢুকে তাকে নিষ্ক্রিয় করে।”
