সময়মত তদন্ত শেষ না হলে দায় কর্মকর্তাদের: দুদকপ্রধান
দুর্নীতির অভিযোগ অনুসন্ধান-তদন্ত নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না স্বীকার করে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, এর দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে।
রোববার দুদক কার্যালয়ে কর্মকর্তাদের ভূমি ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুর্নীতির মামলার তদন্ত নির্ধারিত সময়ে শেষ করার বিষয়ে দুদক আইনে বলা আছে উল্লেখ করে ইকবাল মাহমুদ বলেন, “কেন কমিশনের অনুসন্ধান বা তদন্ত আইন অনুসারে নির্ধারিত সময়ে সম্পন্ন হচ্ছে না? কেন কিছু কর্মকর্তা নির্ধারিত সময়ে তদন্ত সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারছেন না? এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট কর্মর্তাকেই নিতে হবে।”
কমিশনের কোনো কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে অজুহাত দেখালেও কোনো কোনো নির্ধারিত সময়ে তদন্ত শেষ করছেন বলেও জানান দুদক চেয়ারম্যান।
“সময়াবদ্ধকালের মধ্যে স্বদায়িত্ব পালন না করার ব্যর্থতার জন্য কেউ কেউ হাজার হাজার অজুহাত দেখান। আবার এই প্রতিষ্ঠানেরই অনেক মেধাবী সৎ কর্মকর্তা রয়েছেন যারা নির্ধারিত সময়েই মানসম্পন্ন তদন্ত সম্পন্ন করেছেন। তাহলে যারা ব্যর্থ হচ্ছেন তাদের সম্পর্কে মানুষের ধারণা কী হতে পারে? নিজেরাই নিজেদের মূল্যায়ন করুন।”
তিনি আরও বলেন, “দুদকে অনেক ভালো ভালো কর্মকর্তা রয়েছেন, যারা সুনিপুণভাবে নির্মোহ থেকে মামলার তদন্ত করেন। তাদেরকে বাদী-বিবাদী উভয় পক্ষ শ্রদ্ধা করেন। কিন্তু যারা ব্যর্থ হচ্ছেন তাদেরকে নিয়ে মানুষে কী ভাবছে, তা ভেবে দেখতে হবে।”
কমিশন ‘ব্যাপকভাবে পদোন্নতি’ দিয়েছে জানিয়ে চেয়ারম্যান বলেন, “সবাই পদোন্নতি পেতে চান, কিন্তু দায়িত্ব নিতে চান না। এখন সমন্বিতভাবে কাজ করার সময়। কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত কাজের মাধ্যমেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পায়।”
জ্ঞান, হোমওয়ার্ক এবং কর্মস্পৃহার সমন্বয় না থাকলে কার্যকর অনুসন্ধান বা তদন্ত করা যায় না জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, “এ জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আমরা কর্মকর্তাদেরকে দেশে-বিদেশে প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণের এই শিক্ষা যাতে নিজ নিজ কর্মে প্রতিফলন ঘটে সেগুলো মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বক্তব্য দেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন দুদকের ৩০ জন কর্মকর্তা।
