২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসুর তফসিল স্থগিত চেয়ে শিক্ষার্থীর রিট

ভোটার তালিকায় নাম না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাই কোর্টে রিট করেছেন এক শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2019, 03:59 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী ফাহমিদা মজিদের পক্ষে হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

আবেদনকারীকে ভোটার তালিকার বাইরে রেখে তাকে প্রার্থিতা ও ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করে ১১ মার্চ অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, মর্মে রিটে রুল চাওয়া হয়েছে।

একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় ১১ মার্চের অনুষ্ঠেয় নির্বাচন স্থগিতের আরেজি জানানো হয়েছে রিটে।

শিক্ষা সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমানসহ রিটে পাঁচজনকে বিবাদী করা হয়েছে রিটে।    

রিটে বলা হয়েছে, গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রে প্রথম পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদে সংশোধন আনা হয়।

ওই সংশোধনীতে বলা হয়, ‘যারা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ছাত্র হয়েছিল, তারা চার বছরের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম শেষ করে কন্টিনিউ করেছে বিশ্ববিদ্যালয়ে; এখন সেটা মাস্টার্স হতে পারে, মাস্টার্স একই বিভাগে না হয় অন্য বিভাগে হতে পারে, অথবা কেউ কেউ এমফিল করছে, অথবা অন্য প্রোগ্রাম যেগুলি আছে বিশ্ববিদ্যালয়ের সেখানেও ভর্তি হতে পারে; এরাই ভোটার ও প্রার্থী হতে পারবে’।

এছাড়াও গত ২৯ জানুয়ারির সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী একাধিক মাস্টার্স করা, সান্ধ্যকালীন ও অন্যান্য কোর্সের শিক্ষার্থীরা ডাকসু এবং হল সংসদ নির্বাচনে শর্ত সাপেক্ষে ভোটার ও প্রার্থী হতে পারবেন।

এক্ষেত্রে শর্ত হচ্ছে তাদেরকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক উত্তীর্ণ ও বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ডাকসু গঠনতন্ত্রের সংশোধীত এ অনুচ্ছেদ অনুযায়ী আবেদনকারী নির্বাচনে অংশ নেওয়ার এবং ভোটার হওয়ার যোগ্য।

“আবেদনকারী ফাহমিদা মজিদ ঊষার মতো আরও অনেককেই ভোটার করা হয়নি। আবার ঊষার মতো অনেক শিক্ষার্থীকে ভোটার করা হয়েছে। আবেদনকারীকে ভোটার না করায় তার সাংবিধানিক অধিকারকে খর্ব করা হয়েছে।”

তিনি বলেন, “ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। অথচ ওই তফসিলে সম্পূরক ভোটার তালিকা করার সুযোগ রাখা হয়েছে। সম্পূরক ভোটার তালিকা প্রকাশের তারিখ রাখা হয়েছে আবার ৫ মার্চ। সে তালিকায় যদি আবেদনকারীকে অন্তর্ভূক্ত করা হয়, তাহলে তো তিনি ভোট দিতে পারলেও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ফলে তিনি ঘোষিত তফসিল যথাযথ প্রক্রিয়ায় হয়নি উল্লেখ তা স্থগিত চেয়ে রিট আবেদন করেছেন।”

সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।

গত ১১ ফেব্রুয়ারি ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহফুজুর রহমান। ঘোষিত তফসিল অনুযায়ী রোববারই শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের দিন, আর সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

১১ মার্চ অনুষ্ঠেয় এই নির্বাচনে প্রার্থী হওয়ার শেষ সময় ২ মার্চ; যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩ মার্চ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৫ মার্চ।

১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত হলগুলোতে স্থাপিত ভোটকেন্দ্রে গিয়ে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে ভোট দিতে পারবেন।