২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারে আগুন: দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় এইচআরএফবি

চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ বেশকিছু দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2019, 02:56 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন নয় বছর আগে নিমতলীর অগ্নিকাণ্ডের ঘটনা স্মরণ করে বলেন, “ওই ঘটনার পর পুরান ঢাকার ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম সরানোর জন্য সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত এবং উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও কোনো অগ্রগতি নেই।

“সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা গেলে আজকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক প্রাণহানি এড়ানো যেত।”

আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম ও প্রক্রিয়াজাতকরণ স্থাপনা স্থানান্তরের ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা, সচেতনা ও বাস্তবায়নের ক্ষেত্রে কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেন জাকির।

চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে আহতদের সুচিকিৎসা এবং হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, পুরান ঢাকার সকল রাসায়নিক গুদামের বাণিজ্যিক লাইসেন্স বাতিল, রাসায়নিক কারখানা ও গুদাম দ্রুত অপসারণ, বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা বাধ্যতামূলক করার দাবি জানান তিনি।

এছাড়া আগুনের ঝুঁকি আছে এমন ভবন চিহ্নত করা, পুরান ঢাকার সংকীর্ণ রাস্তাগুলো নতুনভাবে তৈরি, যানবাহনে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার ব্যবহার বন্ধ করা, অনুমোদনহীন ভবনে রাসায়নিক ও বিস্ফোরক দ্রব্যের গুদাম শনাক্ত করা, ঢাকায় অগ্নিনির্বাপকের জন্য জলাধার তৈরির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে এইচআরএফবির সদস্য হামিদা হোসেন বলেন, “নিমতলী অগ্নিকাণ্ডের পর সরকার এটা-সেটা করবে বলে বলা হয়েছিল। এবারও কিছু করা হবে বলে সরকার বলছে। তবে এখন টাইম লাইন দিয়ে বলতে হবে কতদিনের মধ্যে রাসায়নিক কারখানা ও গুদাম সরাবে।”

সংগঠনের আরেক সদস্য শামসুল হুদা নিমতলী অগ্নিকাণ্ডের পর রাসায়নিক কারখানা ও গুদাম ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব দেখছেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন- উনারা চেষ্টা করেও এসব কারখানা ও গুদাম সরাতে পারেননি; এ ক্ষেত্রে এ সরকারের ক্ষমতার অভাব আছে তা আমরা মানতে নারাজ। প্রধানমন্ত্রী যে অসহায়ত্বের কথা বলছেন তা আমরা মনে করি এক ধরনের আপোষযোগ্যতার প্রমাণ।”

এইচআরএফবির সদস্য ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম বলেন, “সব কিছুর পেছনে জবাবদিহিতা ও সুশাসনের অভাব দেখছি।”

আরেক সদস্য রঞ্জন কর্মকার অগ্নিকাণ্ডের দায় সরকার ও স্থানীয় ব্যবসায়ীদের নিতে হবে বলে মন্তব্য করেন।