আইপিডিসি ইয়াং প্রফেশনাল সামিট শুরু
নবীণ স্নাতকদের মাঝে নেতৃত্বের কলাকৌশল চর্চা বাড়াতে আইপিডিসি ইয়াং প্রফেশনাল সামিট ২০১৯ শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (ডিইউসিসি) আয়োজিত এই সম্মেলনের সহযোগিতায় রয়েছে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স।
আইপিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের কনফারেন্স হলে ‘সিইও অব ফিউচার’ স্লোগানে সম্মেলনের উদ্বোধন হয়। তবে মূল সম্মেলন শুরু হবে ৯ মার্চ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল সম্মেলন শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পৃথকভাবে ১২টি রোড-শো অনুষ্ঠিত হবে।
রোড-শো থেকেই ১২টি বিশ্ববিদ্যালয় থেকে আলাদা আলাদা ১০ জন করে মোট ১২০ জনকে সম্মেলনে অংশগ্রহণের জন্য স্কলারশিপ দেওয়া হবে।
সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের ডীন প্রফেসর শিবলী রুবায়েত-উল-ইসলাম এবং আইপিডিসি ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
মমিনুল ইসলাম বলেন, পরবর্তী প্রজন্মের শিল্প, কর্পোরেট ও সামাজিক নেতৃত্বকে উৎসাহিত করতে করার জন্য এই প্রতিযোগিতা। এই সম্মেলন উদীয়মান ও সম্ভাবনাময় তারুণ্যের জন্য নতুন দক্ষতা অর্জন, গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী শিল্পে যুক্ত হওয়া, কর্পোরেট এবং সামাজিক নেতাদের সাথে যোগাযোগ ও নেটওয়ার্ক বিস্তৃত করার অনন্য একটি সুযোগ।
