কাঙ্ক্ষিত পর্যায়ে নয় দুদকের তদন্ত ও প্রসিকিউশন সক্ষমতা: চেয়ারম্যান
দুর্নীতির মামলায় তদন্ত ও প্রসিকিউশনের সক্ষমতা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বলে মনে করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
বুধবার দুদক প্রধান কার্যালয়ে ইউএস ন্যাশনাল সেন্টার ফর স্টেট অব কোর্টস এর টেকনিক্যাল ডিরেক্টর রবার্ট লকারির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি কথা বলেন।
প্রতিনিধি দলের প্রধান দুদক চেয়ারম্যানকে জানান, তদন্ত এবং প্রসিকিউশন মামলার বিচারের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তদন্তকারীরা যেসব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবেন, প্রসিকিউটররা সেসব বিশ্লেষণ করবেন। অর্থাৎ তদন্ত কর্মকর্তা, প্রসিকিউটর এবং বিচারক অপরাধ দমনে নিবিড়ভাবে সম্পৃক্ত। আর অপরাধ দমনে কার্যকর তদন্ত ও প্রসিকিউশনের প্রয়োজন।
এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে দুদক চেয়ারম্যান বলেন, “কমিশনের তদন্ত ও প্রসিকিউশনের সক্ষমতা হয়তো এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে দেশ-বিদেশে প্রশিক্ষণের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তা ও প্রসিকিউটরদের সক্ষমতা আরও বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে।”
দুদকের স্থায়ী কোনো প্রসিকিউটর নেই জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, “শুধু দুদক নয়, সরকারের কোনো স্থায়ী প্রসিকিউটর নেই। তারপরও দুদক প্রসিকিউটরদের কার্যক্রম মনিটরিংয়ের জন্য কমিশন অনুমোদিত নীতিমালার আলোকে ব্যবস্থা নিচ্ছে।”
বাংলাদেশের মানিলন্ডারিং প্রতিরোধে তদন্ত কর্মকর্তা, প্রসিকিউটর এবং সংশ্লিষ্ট বিচারকদের প্রশিক্ষণের আহ্বান জানিয়ে প্রতিনিধি দলের উদ্দেশ্যে তিনি বলেন, “শুধু আমেরিকায় গিয়ে প্রশিক্ষণ নিতে হবে তা নয়, বরং আপনারা আপনাদের এসকল ক্ষেত্রে দক্ষ ব্যক্তিদের বাংলাদেশে এনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন।”
দুদক চেয়ারম্যান বলেন, বিদ্যমান আইন অনুসারে মুদ্রা পাচারের মামলা পরিচালনার একক দায়িত্ব দুদকের নেই। এনবিআর, সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ একাধিক সংস্থা এসব মামলা পরিচালনা করছে।
“দুদক কেবল ঘুষ ও দুর্নীতিসম্পৃক্ত মানি লন্ডারিংয়ের অপরাধ তদন্তের ক্ষমতাপ্রাপ্ত। বাকি ২৬টি অপরাধ সংশ্লিষ্ট মানিলন্ডারিংয়ের তদন্ত অন্যান্য সংস্থাসমূহের মাধ্যমে পরিচালিত হচ্ছে। যদিও এখন পর্যন্ত এ সকল প্রতিষ্ঠানের মঞ্জুরি কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়নি।”
প্রতিনিধি দলের এক প্রশ্নে তিনি বলেন, “মানি লন্ডারিংয়ের মাধ্যমে শুধু সন্ত্রাসে অর্থায়নই হয় না, দেশের ক্যাপিটাল ফ্লাইংও হচ্ছে, যা দেশের অর্থনৈতিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।”
