মেলায় ৬ দিনে বিক্রি ২৫ লাখ টাকার বই
এবার একুশের বইমেলা শুরুর প্রথম ছয় দিনে ২৫ লাখ ৩১ হাজার ১৭ টাকার বই বিক্রি হয়েছে, যা গতবারের চেয়ে ৭ লাখ টাকা বেশি।
বৃহস্পতিবার বাংলা একাডেমির প্রশাসনিক ভবনের মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন একাডেমির জনসংযোগ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি।
তিনি বলেন, “বাংলা একাডেমির নিজস্ব বইয়ের পাশাপাশি ও সৃজনশীল প্রকাশকদের বই বিক্রির পরিমাণ ২৫ লাখ ছাড়িয়েছে, যা গতবারের তুলনায় ৭ লাখ ১৬ হাজার ১৫৬ টাকা বেশি।”
গত বছর মেলার প্রথম ছয় দিনে বিক্রি হয় ১৮ লাখ ১৪ হাজার ৮৬১ টাকার বই। আর মাস শেষে সব মিলিয়ে ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে, যা ছিল ২০১৭ সালের চেয়ে ৫ কোটি টাকার বেশি।
গত কয়েক বছরের বই বিক্রির এই চিত্র তুলনা করলে দেখা যায়, প্রতি বছরই বিক্রি বাড়ছে আগের বছরের চেয়ে।
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, এরই মধ্যে মেলায় প্রকাশ পেয়েছে ৬৭১টি বই।
এবারের মেলায় ছয় দিনে গল্পের বই এসেছে ১০৭টি, উপন্যাস ১২২টি, প্রবন্ধ ৪৫টি, কবিতা ১৬১টি, গবেষণা ১২টি, ছড়া ২৩টি, শিশুতোষ বই এসেছে ১৬টি।
এছাড়াও প্রকাশ পেয়েছে ১৯টি জীবনীগ্রন্থ, ৪টি রচনাবলী, ২৭টি মুক্তিযুদ্ধ বিষয়ক, ৮টি নাটকের, ১৩টি বিজ্ঞানের, ১৫টি ভ্রমণের, ১৩টি ইতিহাসের, ৫টি রাজনীতি নিয়ে, ৫টি স্বাস্থ্য বিষয়ক, ৬টি রম্য ও ধাঁধাঁ বিষয়ক, ১টি ধর্মীয় বই, ৩টি অনুবাদগ্রন্থ, ১১টি সায়েন্স ফিকশন এবং ৫৫টি অন্যান্য বই।
মানের সন্তোষ, নীতিমালায় কঠোর
গ্রন্থমেলার প্রথম ছয় দিনে যে কটি বই প্রকাশ পেয়েছে, তাতে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলা একাডেমি।
বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ সংবাদ সম্মেলন বলেন, “গতবারের চেয়ে এবার বই প্রকাশের হার তুলনামূলকভাবে বেশি। মেলার প্রথম দিকে নতুন বইগুলো প্রকাশের ধারা অব্যাহত থাকবে বলে আমরা মনে করি।”
মেলার বইয়ের মান বিচারে বাংলা একাডেমি ভ্রাম্যমাণ যে দল গঠন করে দিয়েছে, সে টিম অন্যবারের তুলনায় এবার ‘বেশি সংখ্যক মানসম্পন্ন’ বই খুঁজে পেয়েছে বলেও দাবি করেন তিনি।
পরে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, “গ্রন্থমেলা আয়োজনের মূল উদ্দেশ্য হল ভালো বই। একটি ভালো বই প্রকাশের জন্য দরকার ভালো লেখক, ভালো প্রকাশক। আমরা এ সম্পর্কে কোনো আপস করব না।”
গত বছর মেলায় আসা চার হাজার ৫৯১টি বইয়ের মধ্যে মাত্র ৪৮৮টি বই ‘মানসম্পন্ন’ বলে ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। আর তার আগের বছর মেলায় প্রকাশিত বইগুলোর মধ্যে বাংলা একাডেমি ঘোষিত মানসম্পন্ন বইয়ের সংখ্যা ছিল ৮৫৮টি।
প্রতিবার বইমেলা শুরু হওয়ার পরও বেশকটি প্রকাশনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নীতিমালা লংঘনের অভিযোগ আসে।
এবারও সেদিকে কঠোর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।
তিনি বলেন, “টাস্কফোর্স প্রতিবেদন প্রণয়ন করবে। আমরা প্রত্যেকটি পর্যায়ে নীতিমালা প্রয়োগ হচ্ছে কি না, তা কঠোরভাবে নজরে রাখব।”
বিদেশি বই বিক্রিসহ বইমেলার বিভিন্ন নীতিমালা লংঘনে ২০১৭ সালে টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ১৯টি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়।
নির্দিষ্ট মাঠ চায় বাংলা একাডেমি
প্রতিবছর বইমেলা আয়োজনের জন্য একটি নির্দিষ্ট মাঠের দাবি এসেছে বাংলা একাডেমি থেকে।
ফুলের মুকুট মাথায় পরে বইমেলায় দর্শনার্থীরা। সোহরাওয়ার্দী উদ্যান থেকে তোলা ছবি। ছবি: আব্দুল্লাহ আল মমীন
মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন,“বইমেলার আয়োজন কোন স্থানে হচ্ছে,সেটা মুখ্য নয়। বিবেচ্য বিষয় হচ্ছে,এখানে কর্তৃত্ব কার।”
“গ্রন্থমেলা আয়োজনের জন্য নির্দিষ্ট মাঠ পাওয়া গেলে সারা বছর ধরে অবকাঠামোগত উন্নয়ন করে সে মাঠকে কুটির শিল্প মেলা,তাঁত পণ্য মেলাসহ নানা আয়োজনে ব্যবহার করা যেতে পারে বলে মনে করে বাংলা একাডেমি।”
‘শতকরা ৯০ ভাগ ত্রুটি দূর’
ধুলা-দূষণ আর বিদ্যুতের সমস্যাসহ প্রকাশকদের নানা অভিযোগ থাকলেও মেলার সপ্তম দিনে এসে ত্রুটি-বিচ্যুতি শতকরা ৯০ ভাগ দূর করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান জালাল আহমেদ।
“আমরা ভালোভাবে মেলার বিন্যাস করতে পেরেছি। সীমাবদ্ধতা যা কিছু আছে, তাও যেন না থাকে তার চেষ্টা করছি। শিশু চত্বরের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখছি।”
