মেলায় বই বিক্রি বেড়েছে ৫ কোটি টাকার বেশি
মাসব্যাপী অমর একুশে বইমেলায় সব মিলিয়ে ৭০ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে, যা গত বছরের চেয়ে ৫ কোটি টাকার বেশি।
বাংলা একাডেমির তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ৬৫ কোটি ৪০ লাখ টাকার বই বিক্রি হয়েছিল, যা ছিল তার আগের বছরের চেয়ে ২৩ কোটি টাকা বেশি।
বুধবার মেলার শেষ দিনে আয়োজক বাংলা একাডেমি কর্তৃপক্ষ এবার মেলায় আসা নতুন বইয়ের সংখ্যা জানানোর পাশাপাশি বই বিক্রির এই হিসাব দেয়।
সারা বছর প্রকাশনীগুলোর নিজস্ব বিপণন কেন্দ্র ও ছোট পরিসরের মেলায় বই বিক্রি হলেও ফেব্রুয়ারির এই বইমেলা ঘিরে প্রস্তুতি নেন প্রকাশকরা। সাধারণত নতুন বই এই সময়টাতেই প্রকাশ করেন তারা।
এবার মেলায় চার হাজার ৫৯১টি নতুন বই প্রকাশ হয়েছে। এগুলোর মধ্যে মাত্র ৪৮৮টি বইকে ‘মানসম্পন্ন’ মনে করছে বাংলা একাডেমি।
এতে গ্রন্থমেলার মূল প্রতিবেদন উপস্থাপন করেন মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক (বিক্রয়, বিপণন) জালাল আহমেদ।
নতুন বইয়ে রেকর্ড
জালাল আহমেদ জানান, এবার বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা চার হাজার ৫৯১টি, যা গতবারের চেয়ে ৯৪৫টি বেশি। গতবার বই প্রকাশিত হয়েছিল ৩ হাজার ৬৪৬টি।
এবার নতুন বইয়ের মধ্যে কবিতার বইয়ের সংখ্যা বেশি, ১ হাজার ৪৭২টি। এরপর রয়েছে গল্প ও উপন্যাসের স্থান। এবার গল্পের বই ৭০১টি এবং ৬৪৩টি উপন্যাস প্রকাশিত হয়েছে।
মননশীল বইয়ের মধ্যে প্রবন্ধ ২৫৭টি, গবেষণা ১২২টি, জীবনীগ্রন্থ ১০৭টি, রচনাবলী ১৫টি, নাটক ২৩টি, ভ্রমণ বিষয়ক ৯১টি, ইতিহাসের ১১০টি বই প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে বই প্রকাশিত হয়েছে ৯১টি।
এছাড়া নতুন বইয়ের মধ্যে বিজ্ঞান বিষয়ক ৭৬টি, রাজনীতি-২২টি, চিকিৎসা/স্বাস্থ্য- ৩৩টি, রম্য ও ধাঁধাঁ-২১টি, ধর্মীয়- ২৬টি এবং ৪৮টি অনুবাদ গন্থ প্রকাশিত হয়েছে। শিশুতোষ বই এসেছে ১২৫টি, ছড়ার বই এসেছে ১১২টি।
তরুণ পাঠকের আগ্রহের তুঙ্গে থাকা সায়েন্স ফিকশন ও গোয়েন্দা বিষয়ক বই এসেছে ৬৫টি। এছাড়া অভিধান বিষয়ক বই এসেছে ৭টি, অন্যান্য বিষয়ে এসেছে ৪২৪টি বই।
মানসম্মত বই ‘৪৮৮টি’
“বাংলা একাডেমির একটি কমিটিকে নিয়ে নতুন বইয়ের স্টলে আসা বইগুলো পরীক্ষা করে আমরা প্রাথমিকভাবে মান নিরূপনের চেষ্টা করেছি। মানসম্মন্ন বই যখন এত কম প্রকাশিত হয়, তখন আনিসুজ্জামান স্যারের এই কথাটি মনে রাখতে হবে-‘শত বই না লিখে সৃষ্টির জন্য একটি বই-ই লিখুন। প্রয়োজনে সময় নিয়ে লিখুন।”
চারটি স্মৃতি পুরস্কার
গুণীজনদের স্মৃতিতে এবার চারটি স্মৃতি পুরস্কার দিয়েছে বাংলা একাডেমি। এগুলো হল- চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার।
আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার ঘোষণা
গ্রন্থমেলার শেষ দিনে ‘আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার’র জন্য মনোনীতদের ঘোষণা করেছে তাম্রলিপি । কথাসাহিত্যে অবদানের জন্য এবার প্রবাসী লেখক সালেহা চৌধুরী এবং তরুণ লেখক সাদিয়া ইসলাম বৃষ্টিকে এবার এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে তাম্রলিপির স্বত্বাধিকারী এ কে এম তারিকুল ইসলাম রনি জানিয়েছেন।
রনি জানান, গল্প, প্রবন্ধ ও জীবনীগ্রন্থ মিলিয়ে প্রায় ৭২টি বই লিখেছেন সালেহা চৌধুরী। এর আগে সৈয়দ ওয়ালীউল্লাহ্ সাহিত্য পুরস্কার ও অনন্যা পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি। অন্যদিকে শিশুতোষ গ্রন্থ রচনায় খ্যাতি কুড়িয়েছেন সাদিয়া ইসলাম বৃষ্টি। তিনি কিডস ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে নিয়মিত লেখেন।
উৎসর্গকরণ
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশকে ১২টি চত্বরে ভাগ করা হয়। এসব চত্বর ১২ জন বিশিষ্ট সাহিত্যিক ও লেখকের নামে উৎসর্গ করা হয়। শহীদ নূতনচন্দ্র সিংহ, শহীদ সিরাজুদ্দীন হোসেন, সৈয়দ শামসুল হক, শহীদ মতিউর, শহীদ আলতাফ মাহমুদ, লোকশিল্পী রমেশ শীল, অধ্যক্ষ মুহম্মদ আবদুল হাই, শহীদ আসাদ, শহীদ নূর হোসেন, শহীদ মেহেরুন্নেসা, শহীদ মুনীর চৌধুরী, অধ্যাপক অজিত কুমার গুহকে এসব চত্বর উৎসর্গ করা হয়। আর বাংলা একাডেমির পুরো প্রাঙ্গণটি সদ্যপ্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর নামে উৎসর্গ করা হয়।
সীমাবদ্ধতা
এবার মেলায় স্টল বিন্যাস নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন অনেক প্রকাশক, মেলা শেষে সেই অভিযোগ স্বীকার করলেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব। এছাড়া মেলার প্রবেশ পথের তোরণ, পয়োঃনিষ্কাশন ব্যবস্থার ত্রুটি এবং খাবারের দোকানের স্বল্পতা নিয়ে মেলায় আগতদের অসন্তোষের বিষয়ে আগামীবার নজর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন জালাল আহমেদ।
তিনি বলেন, “আগামী বছর সুচিন্তিত নীতিমালা প্রয়োগের মাধ্যমে উন্নয়ন ঘটানো যাবে। গভীর বিশ্লেষণে সীমাবদ্ধতা হয়ত আরও বের করতে পারব।”
কয়েক দিন পরে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থিতিতে বইমেলার মূল্যায়ন সভা করা হবে বলেও জানান জালাল আহমেদ।
মেলা নিয়ে মতামত
শেষ দিনে গ্রন্থমেলায় এসে কথাসাহিত্যিক নাসরীন জাহান বলেন, “মেলার পরিসর বড় হয়েছে বটে, বিস্তৃত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানেও। কিন্তু যে মেলাকে আমরা প্রাণের বইমেলা বলি, সেই মেলায় নেই এতটুকু আবেগ। এত পাঠক এসেছেন, এত লেখক বই প্রকাশ করছেন, কিন্তু আমাদের সাহিত্য কত দূর এগোল? অনেক তরুণ লেখক বই প্রকাশ করলেন, কিন্তু এরা সাহিত্য চর্চা নিয়ে সিরিয়াস নন।”
অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম বলেন, “মেলায় এবার রেকর্ড পরিমাণ বই বিক্রি হয়েছে। পাঠকের সংখ্যা বেড়েছে, বেড়েছে নতুন লেখকও। তবে আমরা এবার চাইব, শুধু ফেব্রুয়ারি মাস জুড়ে নয়, এবার সারা বছরব্যাপী আমরা সৃজনশীল বই নিয়ে পাঠকের দোরগোড়ায় পৌঁছে যাব। লেখকরাও যেন সারা বছর জুড়ে বই লেখেন, সেজন্য আমরা সচেষ্ট থাকব।”
সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শেষভাগে এসে বইমেলা জমজমাট হয়েছে। বই বিক্রির পরিমাণও বেড়েছে শেষ সপ্তাহে। মেলায় তরুণ পাঠকের সংখ্যা বেড়েছে। এটা বড় আশাব্যঞ্জক।”
আগ্রহ বিপিএলে
এছাড়া ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত চলচ্চিত্র বিষয়ক লেখার সংকলন নিয়ে প্রকাশিত হয়েছে ‘নগরনাব্য: চলচ্চিত্র চালচিত্র’। পার্থ চট্টোপাধ্যায়ের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক দুর্লভ প্রামাণ্যগ্রন্থ ‘ডেটলাইন ঢাকা’র দ্বিতীয় মুদ্রণও এনেছে বিপিএল। বিপিএলের হেড অফ অপারেশন্স মোতাসিম বিল্লাহ বলেন, মেলার শেষ দিনেও বিপিএলের স্টলে মননশীল বইয়ের পাঠকদের পদচারণা ছিল চোখে পড়ার মতো।
এবার বাংলা একাডমি ও সোহরাওয়ার্দী উদ্যান মিলে রেকর্ড সংখ্যক ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট স্টল বরাদ্দ দেওয়া হয়েছিল। মেলায় ছিল ৮টি শিশু প্রহর। মেলার মূল মঞ্চে বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে ছিল আলোচনা সভা, ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
