বুড়িগঙ্গার তীর উদ্ধারে কামরাঙ্গীরচরে অভিযান দ্বিতীয় দিনে
ঢাকার কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা দ্বিতীয় দিনের মত উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ- বিআইডব্লিওটিএ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে কামরাঙ্গীর চরের কয়লাঘাট এলাকায় ও ইসলামবাগ এলাকায় অভিযান শুরু হয়। নৌ মন্ত্রনালয়ের সচিব মো. আবদুস সামাদ এ সময় উপস্থিত ছিলেন।
অভিযানের শুরুতে দুটি একতলা ভবন গুঁড়িয়ে দেওয়া হয় বলে বিআইডব্লিউটিএ এর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান। তিনি বলেন, বিকাল ৫টা পর্যন্ত এই অভিযান চলবে।
অভিযানের প্রথম দিনে কামরাঙ্গীরচরের নবাবচর এলাকায় অভিযান চালিয়ে দুই শতাধিক পাকা ও আধাপাকা স্থাপনা উচ্ছেদ করা হয়।
এগুলোর মধ্যে পাঁচটি দোতলা ভবন, ২৮টি একতলা ভবন, ২২ আধাপাকা ঘর এবং ১৫৫টি টং ঘর রয়েছে বলে আরিফ উদ্দিন জানান।
