২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাসে ৪০ কেজি করে চাল পাবেন আড়াই লাখ জেলে

জাটকা ইলিশ ধরা থেকে বিরত থাকায় ১৭ জেলার ২ লাখ ৪৮ হাজার ৬৭৪ জেলে পরিবারকে চার মাস ৪০ কেজি করে চাল দেবে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2019, 08:43 PM

Updated : 18 Aug 2022, 04:48 PM

ফেব্রুয়ারি থেকে মে এই চার মাস ভিজিএফ কর্মসূচির আওতায় জেলেদের সহায়তা দিতে সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে চাল বরাদ্দ দিয়ে চিঠি পাঠিয়েছে।

জাটকা আহরণে বিরত থাকার সময় চাঁদপুরের ৫১ হাজার ১৯০ জন, ভোলার ৫২ হাজার ১৫০, লক্ষ্মীপুরের ২৫ হাজার ৯৪৭, বরিশালের ৩১ হাজার ৭১৫, পটুয়াখালীর ২৫ হাজার ১৭৩, বরগুনার ১৩ হাজার ৭৫০, পিরোজপুরের ৯ হাজার ৫৫১, মাদারীপুরের এক হাজার ৪৭৮, শরীয়তপুরের ১২ হাজার ১৯৪ এবং ঝালকাঠির এক হাজার ১২ জেলে পরিবার চাল সহায়তা পাবে।

এছাড়া মুন্সিগঞ্জের ২ হাজার ৩৩৫ জন, নোয়াখালীর ৫ হাজার ৫০০, বাগেরহাটের ৫ হাজার ৭১৩, মানিকগঞ্জের ২ হাজার ৩৩৬, চট্টগ্রাম ও চট্টগ্রাম মহানগরীর ৬ হাজার ২৮০, ঢাকার ৮৫০ এবং সিরাগঞ্জের দেড় হাজার জেলে ৪০ পরিবার চাল পাবেন।

২ লাখ ৪৮ হাজার ৬৭৪ জেলে পরিবারের মধ্যে বিতরণের জন্য ৩৯ হাজার ৭৮৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দপত্রে বলা হয়েছে, জেলা প্রশাসক মঞ্জুরিকৃত ভিজিএফ চাল জাটকা আহরণে বিরত থাকার জন্য স্থানীয়, দুস্থ ও প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে বণ্টন করবেন।

জেলা প্রশাসককে এ বরাদ্দের বিষয়ে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যকে অবহিত করতে হবে।