ছুটির দিনেও জমেনি বইমেলা
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার দর্শনার্থীদের উপস্থিতিতে বইমেলা সরগরম থাকবে বলে বিক্রেতারা আশা করলেও তা হয়নি।
এর কারণ হিসেবে একজন বলেছেন, এখনও বাণিজ্য মেলা চলার কথা। তবে সবাই বলছেন, সময়ের সাথে সাথে জমজমাট হবে বইমেলা।
শনিবার সন্ধ্যার পর অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশ ঘুরে দেখা যায়, মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি তেমন একটা নেই। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে দর্শনার্থী কিছুটা থাকলেও বাংলা একাডেমি অংশে তা আরো কম। অনেক স্টলের সামনে একজন ক্রেতা বা দর্শনার্থীও ছিলেন না।
মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে পাঠক সমাবেশের বিক্রয়কর্মী আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছুটির দিনে যেমন মানুষ আসার কথা তেমন আসছে না। বিক্রি একটু কম। মানুষ আসছে, ক্যাটালগ দেখছে তবে বই তেমন কিনছে না। মেলা কেবল শুরু হলো তো! কয়েকদিনের মধ্যেই ক্রেতা বেড়ে যাবে।”
বিকালে শিশু চত্বর এই চেহারা নিলেও সকালে শিশু প্রহরে ছিল বেশ জমজমাট
কবি নজরুল সরকারি কলেজের প্রথম বর্ষের এই শিক্ষার্থী বলেন, “শনিবার তো ছুটির দিন, বাচ্চা-কাচ্চাদের নিয়ে বাবা-মায়েরা আসে। তবে আজকে তেমন হয়নি। বড়দের চেয়ে বাচ্চারাই কিন্তু বেশি বই পড়ে। আমার মনে হয় বাণিজ্য মেলার জন্য এখানে মানুষ কম। ওটা শেষ হলেই সবাই বইমেলায় আসবে।”
প্রতিবছরের মতো ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিনে শুরু হয়েছে মাসব্যাপী বইমেলা। অন্যান্য বছর আগের মাস জানুয়ারিজুড়ে আগারগাঁওয়ে বাণিজ্য মেলা চলে। তবে এ বছর ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচন হওয়ায় বাণিজ্য মেলা এক সপ্তাহ পিছিয়ে ৮ জানুয়ারি শেষ হওয়ায় এখনও তা চলছে।
এদিন বাবা-মায়ের সঙ্গে বইমেলায় আসা সাত বছরের শিশু আয়ান জানায়, দুটো বই কিনেছে; একটি ভূতের অন্যটি কমিক নভেল।
আয়ান বলে, “আমি গতবারও এসেছি আম্মুর সাথে। এবার আব্বুকেও নিয়ে এসেছি। বইমেলায় আসতে আমার ভালো লাগে।”
আয়ানের মা একজন ব্যাংক কর্মকর্তা। প্রতিবারই ছেলেকে নিয়ে বইমেলায় আসার কথা জানান তিনি।
মেলায় নতুন বই
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের দেওয়া তথ্য অনুসারে, শনিবার মেলায় নতুন বই এসেছে ৮১টি। এর মধ্যে গল্প ১০টি, উপন্যাস ২০টি, কবিতা ১৪টি, প্রবন্ধ চারটি, গবেষণা একটি, ছড়া একটি, জীবনী গ্রন্থ তিনটি, রচনাবলী চারটি, মুক্তিযুদ্ধ বিষয়ক বই চারটি, নাটক একটি, বিজ্ঞান তিনটি, ভ্রমণ বিষয়ক বই দুটি, ইতিহাস পাঁচটি, সায়েন্স ফিকশন দুটি ও অন্যান্য সাতটি।
মূলমঞ্চের অনুষ্ঠান
বিকেল ৪টা থেকে গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বিজয়: ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।সেখানে প্রবন্ধ উপস্থাপন করেন আবুল মোমেন। আলোচনায় অংশ নেন লেখক-সাংবাদিক হারুন হাবীব, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী ও গবেষক মোফাকখারুল ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক।
সভাপতির বক্তব্যে আহমদ রফিক বলেন, “ভাষার সংগ্রাম মূলত স্বাধীনতার সংগ্রাম। ভাষা আন্দোলন চেতনার যে প্রদীপ প্রজ্বালন করেছিল তারই বিচ্ছুরিত শিখায় আমরা আমাদের জাতিসত্তার স্বরূপ আবিষ্কার করেছি এবং আঁধার রাতের পরিধি ভেঙে সম্ভব করেছি স্বাধীনতার সুবর্ণ সকাল।”
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিকণ্ঠে কবিতাপাঠ করেন কবি আসাদ মান্নান ও কবি হালিম আজাদ। আবৃত্তি করেন ইস্তেকবাল হোসেন ও লায়লা তারান্নুম চৌধুরী কাকলী। সংগীত পরিবেশন করেন তিমির নন্দী, শিবু রায়, রুমানা ইসলাম, আলম আরা মিনু ও শ্যামা সরকার।
রোববারের অনুষ্ঠানসূচি:
রোববার অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনে মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সুবর্ণজয়ন্তি শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন গোলাম কুদ্দুছ। আলোচনায় অংশগ্রহণ করবেন রামেন্দু মজুমদার, মাহফুজা খানম, নাসির উদ্দীন ইউসুফ ও আতিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
