মেলার বইয়ে ‘উসকানি’ থাকছে কি না, নজর রাখবে পুলিশ
একুশে বইমেলায় কোনো প্রকাশনার স্টলে ‘ধর্মীয় ও সাম্প্রদায়িক উসকানিমূলক’ বই পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বইমেলা শুরুর আগের দিন বৃহস্পতিবার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখার পর এক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, ধর্মীয় ও সাম্প্রদায়িক উসকানিমূলক যে কোনো বই বিপণন নিষিদ্ধ।
“বাংলা একাডেমির সারভেইল্যান্স টিম ও পুলিশের গোয়েন্দারা এ বিষয়ে নজরদারিতে থাকবে। কোনো স্টলে এমন বই পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
২০১৬ সালে বইমেলায় আসা ‘ইসলাম বিতর্ক’ নামের একটি বইয়ে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হানার উপাদান রয়েছে দাবি করে প্রকাশনা সংস্থা ব-দ্বীপের স্টল বন্ধ করে দেয় পুলিশ।
পাশাপাশি ব-দ্বীপের মালিক ও বইটির সম্পাদক শামসুজ্জোহা মানিক, এক বিপণনকর্মী এবং বইটির ছাপাখানার মালিককে গ্রেপ্তার করা হয়।
মানিকের মুক্তি আন্দোলনে সামনের কাতারে থাকা রবিন আহসানের প্রকাশনা সংস্থা শ্রাবণ প্রকাশনীকে পরের বছর বইমেলায় নিষিদ্ধ করে বাংলা একাডেমি। পরে সমালোচনা-প্রতিবাদের মুখে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে তারা।
এবারের বইমেলা উপলক্ষে মাসব্যাপী নিশ্ছিদ্র ও সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, কোনো ধরনের জঙ্গি তৎপরতার হুমকি তারা এবার দেখছেন না।
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দ্রুততম সময়ে জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দিয়েছি। নতুন করে সংঘবদ্ধ হয়ে হামলা চালানোর শক্তি তাদের নেই।“
ছবি: ঢাকা মহানগর পুলিশ
বইমেলায় ব্লগার-লেখকরা কেউ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে সহায়তা চাইলে তাদের বাড়তি নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি।
২০১৩ সাল থেকে গত কয়েক বছরে দেশে অন্তত দশজন ব্লগার-প্রকাশক-লেখক জঙ্গি হামলায় নিহত হয়েছেন।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এমনই এক হামলায় নিহত হন যুক্তরাষ্ট্রপ্রবাসী লেখক অভিজিৎ রায়। ঘাতকদের কোপে আঙ্গুল হারান তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
ওই ঘটনার পর থেকে বইমেলায় নিরাপত্তার কড়াকড়ি বাড়ানোর পাশাপাশি বইয়ের বিষয়বস্তুর দিকেও নজরদারিতে নামে পুলিশ।
আছাদুজ্জামান বলেন, বইমেলা ঘিরে যে কোনো ‘বিচ্ছিন্ন অপতৎপরতা’ রোধে তরুণ ও অভিজ্ঞ সদস্যদের সমন্বয়ে গঠিত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট কাজ করছে।
বইমেলা ঘিরে সামাজিক যোগাযোগের মাধ্যমেও বাড়তি নজরদারি থাকবে বলে জানিয়েছেন র্যাব-৩ এর অধিনায়ক এমরানুল হাসান।
সোহরাওয়ার্দী উদ্যানে র্যাবের নিয়ন্ত্রণ কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে তা মনিটর করা হচ্ছে।”
নিরাপত্তার প্রস্তুতি
>> বাংলা একাডেমিতে ঢোকার দুটি এবং বের হওয়ার একটি পথ থাকবে। মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে ঢোকার তিনটি এবং বের হওয়ার তিনটি পথ থাকবে।
>> প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির পর মেলায় প্রবেশ করতে দেওয়া হবে।
>> নারী ও পুরুষের জন্য থাকবে আলাদা প্রবেশ পথ।
>> মেলার বাইরের দিকে বাঁশের বেড়া দিয়ে পুলিশের একটি ‘আউটার কর্ডন’ থাকবে, যাতে কোনো অপ্রত্যাশিত ব্যক্তি এসে নিরাপত্তার বিঘ্ন ঘটাতে না পারে।
>> টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত এলাকা ক্লোজড সার্কিট ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় থাকবে।
>> সোয়াট ও বোম্ব নিষ্ক্রিয়করণ ইউনিটকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি রাখা হবে।
>> ওয়াচ টাওয়ারের মাধ্যমে পুরো এলাকায় নজরদারি করবে আইনশৃঙ্খলা বাহিনী। নিয়ন্ত্রণ কক্ষে সদস্যরা প্রস্তুত থাকবেন যে কোনো ব্যক্তিকে সহায়তা করার জন্য।
>> ছিনতাই-পকেটমার ঠেকাতে পুলিশের ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল টিম কাজ করবে। যে কোনো তথ্য সংগ্রহে সাদা পোশাকে তৎপর থাকবে গোয়েন্দা পুলিশ।
প্রবেশমুখে তল্লাশির কারণে বইমেলায় ঢুকতে দেরি হলে সবাইকে ধৈর্য্য ধরে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার।
১ থেকে ২৮ ফেব্রুয়ারি বইমেলার আশপাশে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ।
টিএসসি দিয়ে যারা প্রবেশ করবেন তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর এবং দোয়েল চত্বর দিয়ে যারা প্রবেশ করবেন তাদের রাস্তার দুই পাশে ও জিমনেসিয়ামে গাড়ি পার্ক করতে হবে।
টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। পুরো এলাকায় কোনো ভাসমান দোকান বা হকার থাকতে পারবে না।
