২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছাত্রজোটের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2019, 05:40 PM

Updated : 10 Oct 2022, 08:54 PM

বাম ধারার ছাত্র সংগঠনগুলোর এই জোট বলছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে সুবিধা দিতে এবং তাদের পরামর্শ অনুযায়ী ওই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলোতে নেওয়া ও হলগুলোতে ছাত্রলীগের ‘দখলদারিত্ব’ বন্ধসহ বেশ কয়েকটি দাবি জানিয়েছে তারা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানান প্রগতিশীল ছাত্রজোটের নেতারা।

এসব দাবিতে আগামী ৩ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন ধরে এ স্বায়ত্তশাসনের ধারণা কাগজে কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে। দলীয় বিবেচনায় উপাচার্য ও শিক্ষক নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ন করা হয়েছে। ফলে দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত প্রশাসন দলের এজেন্ডা বাস্তবায়নেই তৎপর রয়েছে। প্রশাসনের ছাত্র অধিকার পরিপন্থি সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করছে। শিক্ষার্থীরা তাদের অধিকার থেকেই বঞ্চিত হচ্ছে।”

এই পরিস্থিতিতে ডাকসু নির্বাচনের জন্য ক্যাম্পাস ও হলে ‘গণতান্ত্রিক পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করা’ সবচেয়ে প্রয়োজন বলে মন্তব্য করেন ছাত্রজোটের সমন্বয়ক।

তিনি অভিযোগ করেন, “কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক্ষেত্রে কোনো তৎপরতা আমাদের চোখে পড়েনি। বরং প্রশাসন ক্ষমতাসীন ছাত্রলীগের সুরেই সুর মিলিয়েছে, যা আমাদের হতাশ করেছে।”

গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অধিকাংশ ছাত্র সংগঠনের মতামত উপেক্ষা করে ‘অগণতান্ত্রিকভাবে’ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বলে অভিযোগ প্রগতিশীল ছাত্রজোটের।

লিখিত বক্তব্যে বলা হয়, “সংশোধিত গঠনতন্ত্রে ডাকসু ও হল সংসদের ফি যারা দেন, তাদের ভোটার ও প্রার্থী করার বিধান না রেখে অত্যন্ত অগণতান্ত্রিকভাবে নির্বাচনে প্রার্থী হওয়ার বয়সসীমা ৩০ বছর নির্ধারিত হয়েছে। অধিকাংশ ছাত্র সংগঠনের দাবি সত্ত্বেও ভোটকেন্দ্র একাডেমিক ভবনে না করে হলগুলোতেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের মতামতকেই প্রাধান্য দেওয়া হয়েছে৷ ক্যাম্পাসে ও হলগুলোতে ছাত্রলীগের একচ্ছত্র দখলদারি কায়েম রয়েছে, যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অন্তরায়।"

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ডাকসু ও হল সংসদের ফি দেওয়া সব শিক্ষার্থীকে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগের বিধান এবং ভোটকেন্দ্র হলের বাইরে একাডেমিক ভবনে করার সিদ্ধান্ত নেওয়ার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, সাধারণ সম্পাদক লিটন নন্দী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সাদিকুল ইসলাম সোহেল উপস্থিত ছিলেন।