রূপালী ব্যাংকের ৩ কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া নিয়ে প্রশ্ন
ঋণ জালিয়াতি ও আত্মসাতের মামলার অভিযোগপত্র থেকে রূপালী ব্যাংকের তিন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার বৈধতা প্রশ্নে রুল জারি করেছে হাই কোর্ট।
আগামী ১৩ ফেব্রুয়ারি আদালতে উপস্থিত হয়ে এই তিন ব্যাংক কর্মকর্তাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
তারা হলেন রূপালী ব্যাংকের রাজধানীর দিলকুশার স্থানীয় কার্যালয়ের সাবেক উপ মহাব্যবস্থাপক (বর্তমানে মহাব্যবস্থাপক) এস এম আতিকুর রহমান, সাবেক সহকারী মহাব্যবস্থাপক (বর্তমানে উপ মহাব্যবস্থাপক) মোহাম্মদ আলী ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবদুস সামাদ সরকার।
এ মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি ‘এভারেস্ট হোল্ডিং ও টেকনোলজিস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম বাহাউদ্দীনের আপিল ও জামিন শুনানির সময় ব্যাংকটির তিন কর্মকর্তাকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আদালতের নজরে আসে।
তখন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
আদালতে আপিলকারী পক্ষে শুনানি করেন মো. রিজাউল ইসলাম। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন হাসান এম এস আজিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক; তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।
দুদকের আইনজীবী আজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিক্রি করা জমি বন্ধকী দেখিয়ে রূপালী ব্যাংক থেকে ১৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন এভারেস্ট হোল্ডিং ও টেকনোলজিস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান।
“এই ব্যাংক অফিসিয়ালদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা ঋণ দেওয়ার আগে জমিটা যে বিক্রি করে দেওয়া হয়েছে সে বিষয়ে খোঁজ-খবর নেননি। এফআইআরের পর যখন অভিযোগপত্র দেওয়া হল, সেখানে এই তিন কর্মকর্তার বিষয়ে এক লাইনে লেখা হল, আইনজীবীর মতামত নিয়ে অভিযোগপত্রটি করা হয়েছে, কিন্তু এদের বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
পরে বিচারিক আদালত সে অভিযোগপত্র গ্রহণ করে অভিযোগ গঠন করে বিচারও সম্পন্ন করে ফেলে। সে রায়ের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা পাওয়া দুই আসামি আপিল করেন। তাদের মধ্যে একজন জামিন আবেদন করেন, সেই আবেদনের শুনানির সময় আদালত তিন ব্যাংক কর্মকর্তাকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন।
রুলে বলা হয়েছে, কেন তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার নির্দেশ দেওয়া হবে না এবং এই তিন ব্যাংক কর্মকর্তাকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না?
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ১৩ ফেব্রুয়ারি রুলের পরবর্তী শুনানির তারিখ রেখে বলা হয়েছে, আদালতে উপস্থিত থেকে এই তিন কর্মকর্তাকে রুলের ব্যাখ্যা দিতে হবে।”
এই মামলায় অভিযোগ করা হয়েছে, গ্রাহকের মিথ্যা, ভুয়া সনদ যাচাই না করে পরস্পর যোগসাজশে বিক্রি করা জমি ও ফ্ল্যাট বন্ধকী দেখিয়ে রূপালী ব্যাংকের দিলকুশার স্থানীয় শাখা থেকে ১৫ কোটি টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করা হয়।
দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর ৫ জনকে আসামি করে রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন।
তদন্তের পর ২০১৩ সালের ২৯ অগাস্ট তিন ব্যাংক কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে এভারেস্ট হোল্ডিং এন্ড টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান আবু বোরহান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম বাহাউদ্দীন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ পরিচালক বর্তমানে পরিদর্শক মো. আব্দুল কুদ্দুস খানকে আসামি করে অভিযোগপত্র দেয় দুদক।
ওই বছরের ১৯ সেপ্টেম্বর বিচারিক আদালত অভিযোগ আমলে নেয় এবং ২০১৪ সালের ২৫ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
পরে ঢাকার ৬ নং বিশেষ জজ আদালত ২০১৫ সনের ১২ এপ্রিল এভারেস্ট হোল্ডিং এন্ড টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করে রায় দেয়। অন্য আসামিকে খালাস দেওয়া হয়।
