২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র হানিফ মাল্টিপারপাস কমপ্লেক্সের নির্মাণ শুরু

রাজধানীর সিদ্দিকবাজার এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ মাল্টিপারপাস কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2019, 07:21 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সোমবার এ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মীর সমীর, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএসসিসির কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মেয়র সাঈদ খোকন অনুষ্ঠানে বলেন, পুরান ঢাকার খলিল সরদার কমিউনিটি সেন্টার এবং শায়েস্তাখান কল্যাণ কেন্দ্রেও এ ধরনের কমিউনিটি কমপ্লেক্স গড়ে তোলা হবে।

“২৪৮কোটি টাকা ব্যয়ে বিদ্যমান জরাজীর্ণ কমিউনিটি সেন্টারগুলি ভেঙে আধুনিক করা হবে। উন্নয়নের ছোঁয়ায় পুরান ঢাকা ইতোমধ্যে বদলে গেছে। এসব চলমান উন্নয়ন কাজ সম্পাদিত হলে নগরবাসী এক পরিবর্তিত নতুন ঢাকা দেখতে পাবে।” 

সিটি করপোরেশনের নিজস্ব এক বিঘা জমির ওপর প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে মেয়র হানিফ কমপ্লেক্স। আধুনিক কমিউনিটি হল রুম, স্বাস্থ্যসেবা কেন্দ্র, কাউন্সিলরের কার্যালয়, পাঠাগার, নারী ও পুরুষের জন্য আলাদা শরীরচর্চা কেন্দ্র, ইনডোর গেইমস, ক্যাফেটেরিয়ার ব্যবস্থা থাকবে সেখানে। থাকবে গাড়ি পার্কিংয়ের সুবিধাও।

এ প্রকল্পের প্রথম দফায় সাড়ে তেইশ কোটি টাকা ব্যয় হবে বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকাবাসীর সরাসরি ভোটে নির্বাচিত প্রথম মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ। ২০০৪ সালের একুশে অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় তিনি আহত হন। পরে ২০০৬ সালের নভেম্বরে মারা যান হানিফ। তার ছেলে মোহাম্মদ সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র।