যুদ্ধাপরাধ: নেত্রকোণার পাঁচ আসামির রায় যে কোনোদিন
নেত্রকোণার পূর্বধলার পাঁচ আসামির বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। যে কোনোদিন রায় ঘোষণা করা হবে।
রাষ্ট্রনিয়োজিত আসামিপক্ষের আইনজীবীর যুক্তি উপস্থাপনের পর বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার মামলাটির রায় অপেক্ষমান রেখে আদেশ দেয়।
প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল এ মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি।
আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী গাজী এম এইচ তামিম।
প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাত আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। কিন্তু অভিযোগ গঠনের আগেই কারাগারে অসুস্থ হয়ে মারা যান আসামি আহাম্মদ আলী (৭৮)। আর যুক্তিতর্ক উপস্থাপনের সময় মারা যান আরেক আসামি আব্দুর রহমান (৭০)।
ফলে পলাতক পাঁচ আসামির বরুদ্ধে বিচারকাজ সম্পন্ন হয়েছে। এখন যেকোনো দিন রায় ঘোষণা করবেন আদালত।”
পলাতক পাঁচ আসামি হলেন- শেখ মো. আব্দুল মজিদ ওরফে মজিদ মাওলানা (৬৬), মো. আব্দুল খালেক তালুকদার (৬৭), মো. কবির খান (৭০), আব্দুস সালাম বেগ (৬৮) ও নুরউদ্দিন (৭০)।
গ্রেপ্তারের পর আহম্মদ আলী (বামে) ও আব্দুর রহমান। দুইজনই পরে মারা যান।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তথ্য মতে, আসামিদের মধ্যে মজিদ মওলানা মুক্তিযুদ্ধের সময় নেজামে ইসলামির নেতা হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন। সর্বশেষ তিনি জামায়াতের রাজনীতি করতেন।
খালেক তালুকদার একাত্তরে মুসলিম লীগের কর্মী হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন। পরবর্তীতে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের সঙ্গে জড়িত থাকলেও পরে তিনি পূর্বধলা উপজেলা আওয়ামী লীগেরও সদস্য হন।
এছাড়া কবির খান মুসলিম লীগের কর্মী হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির সদস্য ছিলেন।
আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিনও মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের কর্মী হিসেবে রাজাকার বাহিনীতে যোগ দেন। সর্বশেষ বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
২০১৭ সালের ১৯ এপ্রিল আসামিদের বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।
ওই বছরের ১২ জুন আসামিদের বিচার শুরু হয়।
২০১৬ সালের ২২ মে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
তার আগে তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির ২০১৬ সালের ১৬ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেন প্রসিকিউশনে।
নেত্রকোণার পূর্বধলার মুক্তিযোদ্ধা আব্দুল কাদির একাত্তরে বড় ভাই আব্দুল খালেককে হত্যার ঘটনায় ২০১৩ সালে মামলা করেন।
মুক্তিযুদ্ধের সময় ২১ অগাস্ট বাড়হা গ্রামে আব্দুল খালেককে গুলি করে হত্যার পর কংস নদীতে লাশ ভাসিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয় ওই মামলায়।
পরে মামলাটি পাঠানো হয় ট্রাইব্যুনালে। প্রসিকিউশনের কর্মকর্তা শাহজাহান কবির ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি থেকে পরের বছরের ১৫ মার্চ পর্যন্ত মামলাটি তদন্ত করেন।
তদন্ত প্রতিবেদনে আটজনকে অপহরণের পর হত্যা, তিনটি বাড়ির মালামাল লুট, আটটি ঘরে অগ্নিসংযোগ ও একজনকে ধর্ষণের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।
পলাতক আসামিদের পক্ষে এ মামলা লড়তে ২০১৬ সালের ২২ ডিসেম্বর গাজী এম এইচ তামিমকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল।
