২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার এক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদার জামিন

কুমিল্লার চৌদ্দগ্রামে নৈশকোচে পেট্রোল বোমা মেরে আট যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে জামিন দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2019, 11:40 PM

Updated : 18 Aug 2022, 04:45 PM

এ মামলায় বিএনপি চেয়ারপারসনের আপিল গ্রহণ করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন মাহবুব উদ্দিন খোকন ও এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

এহসানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় গত বছরের ৬ অগাস্ট খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছিল হাই কোর্ট। তার মেয়াদ শেষ হওয়ায় জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছিল।

“আদালত এ মামলায় জামিন সংক্রান্ত আপিলটি গ্রহণ করেছেন। তার মানে হল মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত  তিনি (খালেদা জিয়া) জামিনে থাকবেন।”

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিলে যাবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ।

বিএনপির টানা অবরোধ-হরতালের মধ্যে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহত হন।

ওই ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে হত্যা ও বিস্ফোরক মামলা করে পুলিশ। পরে পুলিশের আবেদনে বিস্ফোরক আইনের মামলাটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় রূপান্তরিত হয়।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে থাকা খালেদা জিয়ার জন্য এই মামলায় জামিনের আবেদন করা হয়েছিল কুমিল্লার বিশেষ আদালতে।

গত বছরের ১ জুলাই কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক কে এম শামছুল আলম খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখালেও জামিনের বিষয়ে কোনো আদেশ দেননি।

পরে ১১ জুলাই ফৌজদারি আপিলের পাশাপাশি হাই কোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন করেন তার আইনজীবীরা।

তখন হাই কোর্ট কুমিল্লার আদালতের জামিন আবেদনটি ২৬ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেয়।

২৫ জুলাই কুমিল্লার আদালত খালেদার জামিন আবেদনটি নামঞ্জুর করলে ২৯ জুলাই ফের হাই কোর্টে তার জামিন আবেদন করা হয়।