বিচারিক আদালতে খালাস আসামির সাজা হল হাই কোর্টে
অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারিক আদালত থেকে খালাস পেলেও হাই কোর্ট সাত বছরের সাজা হয়েছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক মো. ফারুকুজ্জামানের।
দুদক আইনের দুটি ধারায় মোট সাত বছরের সাজা হলেও দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে তাকে চার বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দুদকের আপিলে রোববার এ রায় দেয় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাই কোর্ট বেঞ্চ।
এ মামলায় দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ কে এম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট বিপুল বাগমার।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রায়ে দুদক আইনের ২৬(২) ধারায় মো. ফারুকুজ্জামানকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা এবং ২৭(১) ধারায় ৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন। উভয় দণ্ড একসাথে চলার কারণে কারণে তাকে মোট চার বছরের সাজা খাটতে হবে।”
ফারুকুজ্জামানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশনাও আদালত দিয়েছে বলে এই আইনজীবী জানান।
দুদকের আইনজীবী ফজলুল হক বলেন, রাষ্ট্রায়ত্ত মেঘনা পেট্রোলিয়ামের ব্যবস্থাপক ফারুকুজ্জামানকে দুদক সম্পদ বিবরণি দাখিলের জন্য ২০০৯ সালের ৪ মার্চ নোটিস দিয়েছিল। ২০ দিন পর তিনি মোট ৬২ লাখ ৮৯ হাজার ২৭ টাকার সম্পদ বিবরণী দাখিল করেন।
“কিন্তু তার সম্পদ বিবরণি পর্যালোচনা করে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ৮৫ হাজার ৭ টাকার সম্পদের হিসাব পায় দুদক।”
এরপর ২০১১ সালের ২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক সৈয়দ আহমেদ বাদী হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় মো. ফারুকুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলা করেন।
এ মামলা তদন্ত করে দুদকের উপসহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ ২০১৩ সালের ২০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৬ সনের ৩০ অক্টোবর যশোরের বিশেষ জজ আদালতের রায়ে বেকসুর খালাস পান ফারুকুজ্জামান। ওই রায়ের বিরুদ্ধে দুদক হাই কোর্টে আপিল করে। রোববার বিচারিক আদালতের রায় বাতিল করে সাজার রায় দিল উচ্চ আদালত।
