২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়া পল্টনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে আরও একজন গ্রেপ্তার

নির্বাচনের আগে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2019, 07:03 PM

Updated : 08 Apr 2022, 03:41 PM

ওয়াসিম নামের ওই যুবক মিরপুরের পল্লবীর বিহারী ক্যাম্পের বাসিন্দা বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. আব্দুল বাতেন জানিয়েছেন।

পল্লবী থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুরে বিহারী ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানান তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিতরণের মধ্যে গত ১৪ নভেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতাকর্মীরা।

ওই সময় কয়েকটি গাড়ি ভাংচুর এবং পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাংচুর-অগ্নিসংযোগকারীদের মধ্যে কয়েকজন ছিলেন হেলমেট পরিহিত। কয়েকজনকে পুলিশের গাড়ির উপর উঠে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে দেখা যায়।

পুলিশ কর্মকর্তা বাতেন বলেন, ওয়াসিম আগুন লাগানোর সময় ‘গাড়িতে উঠে লাফালাফিও’ করেছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তাররা সবাই বিএনপি ও তাদের সহযোগী বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত।

“ওয়াসিম গাড়িতে আগুন দেওয়ার সাথে সরাসরি জড়িত এবং সে স্বীকারও করেছে।”  

বিহারী ক্যাম্পের এই যুবক শাড়ি ও অন্যান্য পোশাকে অলঙ্করণের কাজ করেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।