২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ও আমার চেয়ে ভালো করবে: প্রতিমন্ত্রী এনামকে নিয়ে মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ডা. এনামুর রহমানকে ছোট ভাই সম্বোধন করে তাকে প্রশংসায় ভাসিয়েছেন সদ্য বিদায়ী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2019, 09:39 PM

Updated : 18 Aug 2022, 04:39 PM

মঙ্গলবার সচিবালয়ে নতুন প্রতিমন্ত্রীকে বরণ অনুষ্ঠানে মায়া বলেন, “প্রধানমন্ত্রী আজকে যাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন তিনি অত্যন্ত বিজ্ঞ একজন, আমার প্রিয় ছোট ভাই এনামুর। আমি বিশ্বাস করি, ও আমার চেয়ে ভালো পারবে।

“এর কারণ যার মন ভালো থাকে, পরিষ্কার থাকে, কাজ করার ইচ্ছা থাকে, সাহস থাকে, তবে যে কোনো কিছু মোকাবেলা করা সম্ভব। আর যদি শাহ কামালের মত সচিব (ত্রাণ সচিব) পাশে থাকে।”

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের পর হতাহতদের নিজের নামে প্রতিষ্ঠিত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে সব মহলের প্রশংসা কুড়ান এনাম। ২০১৪ সালে আওয়ামী লীগের টিকেটে ভোটে জিতে আইনসভায় জায়গা করে নেন তিনি।

এবারও ঢাকা-১৯ আসন থেকে নৌকা প্রতীকে ভোটে জেতার পর প্রথমবারের মত ত্রাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এনামুর। এই মন্ত্রণালয়ে কাউকে পূর্ণমন্ত্রী করেননি শেখ হাসিনা।

অন্যদিকে চাঁদপুর-২ আসনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পাননি মায়া, নানা বিতর্কের কারণে ঠাঁই হয়নি মন্ত্রিসভায়ও। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মায়া এখন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য। ২০১৪ সালে নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক র‌্যাব কর্মকর্তা তারেক সাঈদ তার জামাতা।

ওই ঘটনার পর ‘পরিবারের কেউ’ হত্যাকাণ্ডে জড়িত নয় দাবি করে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সমালোচিত হয়েছিলেন মায়া। তার আসনে এ বছর নৌকা প্রতীকে সংসদ সদস্য হয়েছেন নুরুল আমিন।   

অনুষ্ঠানে এনামুকে উদ্দেশ করে মায়া বলেন, “তুমি তো অনেক বিজ্ঞ মানুষ। রানা প্লাজা দিয়ে প্রমাণ করেছ বাংলাদেশে একটি মানুষ আছে, তার নাম ডা. এনাম। যোগ্য লোককে নেত্রী যোগ্য জায়গায় বসিয়েছেন, এজন্য প্রধানমন্ত্রীর কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তুমি এই মন্ত্রণালয়ের মুখ আরও উজ্জ্বল করতে পারবে সেই বিশ্বাস আমার রয়েছে।”

মায়া বলেন, “চ্যালেঞ্জকে আলিঙ্গন করার মন্ত্রণালয় এই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। আমরা এতদিনে একটি সুন্দর ও শৃঙ্খল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পেরেছি, এই কৃত্বিতের দাবিদার মন্ত্রণালয়ের সচিব থেকে পিওন পর্যন্ত।”

নতুন প্রতিমন্ত্রীর উদ্দেশে মায়া বলেন, “আমার একটি অনুরোধ থাকবে- এই মন্ত্রণালয়ের কষ্টিপাথর কর্মকর্তারা যাতে অন্যায়ভাবে কোনো কষ্ট না পায় সেই দিকে লক্ষ রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।”

প্রতিমন্ত্রী এনাম বলেন, “মায়া ভাই বলে ডাকি। মায়া ভাই নামে উনি সারা বাংলাদেশে পরিচিত। কণ্ঠটা ভারী হয়ে আসছে, নামেও মায়া, বুকভরাও তার মায়া। আমাকে শুধু না আওয়ামী লীগের…।”

সংসদ সদস্য থাকার সময় গত পাঁচ বছরে মন্ত্রী মায়ার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, “এই মন্ত্রণালয়কে উনি সাজিয়ে দিয়ে গেছেন, আমার কোনো বেগ পেতে হবে না, কষ্ট করতে হবে না। উনি কত আদর করে বলে গেলেন আপনারা সবাই উনাকে সহযোগিতা করবেন। এই যে নাম ধরে সহযোগিতা চেয়ে উনি বক্তব্য রাখলেন, আমার বুকটা ভরে গেছে, সত্যিকারের আমার একজন বড় ভাই আছে, মন্ত্রণালয় চালাতে গেলে যে কোনো অসুবিধায় আমি উনার কাছে সহযোগিতা পাব।

“মায়া ভাইকে বলেছি, আমি অবশ্যই আপনাকে বিরক্ত করব, সময়-অসময় ফোন করব আপনার কাছে পরামর্শের জন্য যাব। আপনি তো ঘোষণাই করেছেন সহযোগিতা করবেন। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। আপনার অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যান।”