‘ভালো কিছু’ দেখানোর প্রতিশ্রুতি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
স্বয়ং প্রধানমন্ত্রীর হাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব থাকায় অনেকটাই নির্ভার এ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
শপথ নেওয়ার পরদিন মঙ্গলবার সচিবালয়ে নিজের দপ্তরে এসে ‘ভালো কিছু’ করার প্রত্যয় জানানোর পাশাপাশি অতীতের ‘ভুল-ত্রুটি’ শুধরে দক্ষ জনপ্রশাসন গড়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি।
সচিবালয়ে আসার পর কর্মকর্তা-কর্মচারীরা ফরহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদ বরণ করে নেন নতুন প্রতিমন্ত্রীকে।
পরে এই মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা ফুলের তোড়া তুলে দেন প্রতিমন্ত্রীর হাতে। শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন গত সরকারের অধিকাংশ প্রবীণ মন্ত্রীদের বাদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৬ সদস্যের যে নতুন মন্ত্রিসভা গড়েছেন, তাতে ২৭ জনই নতুন মুখ।
গত সরকারে জনপ্রশাসনের মন্ত্রী ছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম। তার সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে ছিলেন ইসমাত আরা সাদেক।
নতুন সরকারে এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রীর দায়িত্বে এনেছেন ফরহাদ হোসেনকে।
ফরহাদ হোসেন
মেহেরপুর-১ আসন থেকে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন। তার বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ছহিউদ্দীন বিশ্বাস।
সাবেক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো বোন সৈয়দ মোনালিসা ইসলাম শিলা নতুন প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী।
জনপ্রশাসনের নিয়ন্ত্রণকারী এ মন্ত্রণালয়কে কতটা শক্ত হাতে সামলাতে পারবেন- এমন প্রশ্নে ফরহাদ বলেন, “আমার মাথার উপর আছেন মাননীয় প্রধানমন্ত্রী। আশা করি তার সহযোগিতায় সবগুলো বিষয়ই আমরা সুন্দরভাবে দেখতে পারব, এখানে কোনো সমস্যা হবে না।
“প্রধানমন্ত্রী যে লক্ষ্য নিয়ে কাজ করছেন, তিনি যে নির্দেশনা দেবেন, প্রতিমন্ত্রী হিসেবে তা বাস্তবায়ন করাটাই হচ্ছে আমার কাজ। কারণ এটার পূর্ণমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নিজেই।”
‘ভালো কিছু’ করার প্রতিশ্রুতি দিয়ে ফরহাদ বলেন, “সামনেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী, স্বাধীনতার ৫০ বছরও পূরণ হবে। সবকিছু মিলিয়ে একটা বড় রকমের পরিবর্তন আপনারা দেখবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে জনপ্রশাসন অবশ্যই এগিয়ে থাকবে।”
প্রতিমন্ত্রী বলেন, “প্রধানন্ত্রী চান এই প্রশাসন অত্যন্ত গতিশীল হবে, অত্যন্ত দক্ষ হবে এবং জনবান্ধব হবে, যাতে গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত জনপ্রশাসনের সেবাগুলো অত্যন্ত সহজ ও সাবলীলভাবে পেতে পারে। সেজন্য আগামী দিনের কর্মপরিকল্পনা আছে, সেটা সুন্দরভাবে বাস্তবায়ন করাই আমাদের কাজ হবে।”
জনপ্রশাসনে দুর্নীতির অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে ফরহাদ বলেন বলেন, “আমাদের কাজে যদি কোনো অন্তরায়, বাধা বা ত্রুটি থাকে, তবে প্রথম কাজ হচ্ছে সেগুলো দূর করা। সাংবাদিকরা ত্রুটিগুলো তুলে ধরলে আমরা অবশ্যই দ্রুত পদক্ষেপের ভিত্তিতে সমাধান করব।
“মানুষের তো ভুল-ত্রুটি কিছু থাকে। এখন অনেক স্মার্ট অফিসার আছেন। ভালো ব্যুরোক্রেসি ছাড়া তো ভালো ও উন্নত দেশ সম্ভব নয়। প্রধানমন্ত্রী সুনিপুণভাবে চিন্তা করছেন যাতে আমরা ভালো ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে পারি।”
জনপ্রশাসনে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা ‘বেশি সুযোগ-সুবিধা’ ভোগ করছেন বলে অন্য ক্যাডারের যে অনুযোগ রয়েছে, সে বিষয়ে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একজন সাংবাদিক জানতে চান, ‘বৈষম্য’ নিরসনের কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না।
ফরহাদ বলেন, “আমি দশম সংসদের একজন সংসদ সদস্য ছিলাম। আমার এলাকা থেকে যারা ক্যাডার সার্ভিসে আছেন তারা আমার কাছেও অভিযোগ-অনুযোগ করেছিলেন, আমি যাতে এ বিষয়ে সংসদে অবদান রাখি। বিষয়গুলো নিয়ে আমিও অবহিত আছি।
“প্রধানমন্ত্রীও অনেকগুলো সলিউশন ইতোমধ্যে দিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। যেগুলো বাকি আছে আগামীতে আমরা পদক্ষেপ গ্রহণ করে একটা সমতা ও সকলের মধ্যে যাতে একটা সুসম্পর্ক থাকে সেই বিষয়টি অবশ্যই দেখব।”
মন্ত্রীদের সম্পদের হিসাব নিয়মিত প্রকাশ করা উচিত কি না- এ প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, “অবশ্যই। কারণ গণতন্ত্রে জবাবদিহিতার একটা ব্যাপার আছে। সংসদ সদস্য ও মন্ত্রীদের তো জবাবদিহিতার মধ্যে থাকতেই হবে।”
মন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ করার জন্য কোনো উদ্যোগ নেবেন কি না- এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “আমার ধারণা একাদশ জাতীয় সংসদ এ ব্যাপারে ভালো পদক্ষেপ গ্রহণ করবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।“
গণতন্ত্রের ভীতকে মজবুত করতে দুর্নীতি দমনের কোনো বিকল্প নেই মন্তব্য করে ফরহাদ বলেন, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা হয়েছে, আগামীতে আরও শক্তিশালী হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে দৃঢ় ভূমিকা নেবে।
সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে কী পদক্ষেপ নতুন সরকার নেবে- তা জানতে চান একজন সাংবাদিক।
উত্তরে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন, যত দ্রুত সম্ভব এটা হবে। যখন এটা ঘোষণা করা হয়েছে এর মানে অনেক চিন্তা-ভাবনা, পরিকল্পনা করেই ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা করেন। আমরা চাইব খুব দ্রুত এটা হয়ে যাবে।”
