২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে বিশৃঙ্খলার তথ্য পায়নি আইন সহায়তা কেন্দ্র

একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে জানিয়ে আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নামের একটি সংগঠন বলছে, এই নির্বাচনে কোনো বিশৃঙ্খলার তথ্য পায়নি তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2019, 02:36 PM

Updated : 18 Aug 2022, 04:38 PM

সংগঠনটির চেয়ারম্যান মো. এনামুল হক বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তাদের পর্যবেক্ষকদের প্রথম পর্বের প্রতিবেদন প্রকাশ করেন।

ফাউন্ডেশনের ৯৪৩ জন পর্যবেক্ষক পাঁচটি দলে ভাগ হয়ে এক হাজার ২৪৫টি কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন বলে জানান তিনি।

এনামুল বলেন, “সমগ্র বাংলাদেশে সম্পূর্ণ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পর্যবেক্ষণ করা এক হাজার ২৪৫টি কেন্দ্রে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালিত হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ছিল খুবই তৎপর।… ভোটারদের ভোট প্রদানের উৎসাহ ছিল ব্যাপক।

“নারী ও প্রতিবন্ধী ভোটাররাও উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনে ভোট দিতে পেরেছে, সংস্থার পর্যবেক্ষকদের পক্ষ থেকে কোনো বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায় নাই।”

নিবন্ধিত সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে জানিয়ে এনামুল বলেন, “এই নির্বাচন বিদেশে প্রশংসিত হয়েছে। একটি সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন পেয়েছে বাংলাদেশ।

“ভোট উৎসবের মাঝে কয়েকজন ব্যক্তি জীবন দিয়েছেন যার জন্য আমরা আন্তরিকভাবে মর্মাহত এবং সুষ্ঠু তদন্ত ও সুবিচার কামনা করছি প্রশাসনের নিকট।”

গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহকৃত লিখিত বক্তব্যে এবারের নির্বাচনে ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে তথ্য থাকলেও পরে তা সংশোধন করে ওই অংশটুকু বাদ দেওয়া হয়।

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের উপদেষ্টা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম এ কামরুল হাসান খান আসলাম, সংগঠনটির অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল এবং পরিচালক সাদমান মুকতাদির, তৌহিদুল ইসলাম ও এম এম আব্দুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হয়, গোলযোগের কারণে একটি আসন স্থগিত রেখে সেই রাতেই ২৯৮টি আসনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এর মধ্যে ২৫৭টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। আর জোটগতভাবে তাদের আসন সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮টি। এই নিরঙ্কুশ জয়ে টানা তৃতীয়বারের মত সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।

এর বিপরীতে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ভরাডুবি হয়েছে। তাদের ধানের শীষের প্রার্থীরা মাত্র সাতটি আসনে জয়ী হতে পেরেছে।

ভোটে বাধা দেওয়া, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কারচুপির অভিযোগ তুলে ঐক্যফ্রন্ট ফলাফল বাতিল করে পুনঃভোটের দাবি তুললেও নির্বাচন কমিশন তা নাকচ করে দিয়েছে।