২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজব যাচাইয়ে ৯৯৯ নম্বরে ফোন করার পরামর্শ

নির্বাচনের সময় গুজবে কান না দিয়ে সত্যতা যাচাইয়ের জন্য জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ এর সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2018, 12:01 AM

Updated : 19 Aug 2022, 03:05 PM

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের এই সময়ে গুজবের বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে এবং গুজব সম্পর্কে সঠিত তথ্য জানতে বাংলাদেশ পুলিশ ‘বিশেষ উদ্যোগ’ নিয়েছে।

এর অংশ হিসাবে কোনো গুজবে বিভ্রান্তি না হয়ে ৯৯৯ এ যোগাযোগ করার পাশপাশি গুজব সম্পর্কে পুলিশকে তথ্য দিতে অনুরোধ করা হয়েছে সেখানে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা ধরনের গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে।”

আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে, তার আগে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে সরকার ও বিরোধী- উভয় শিবির থেকে অভিযোগ করা হচ্ছিল।

নির্বাচন ঘিরে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য ইতোমধ্যে বাংলাদেশের ৩০টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ফেইসবুক ও টুইটার কর্তৃপক্ষ।

নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইটের আদলে একই রকম দেখতে নকল পোর্টাল চালু করে সেখান থেকে ফেইক নিউজ ছড়ানোর অভিযোগে কিছুদিন আগে কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল র‌্যাব।

বাংলাদেশ সেনাবাহিনী এবং বাহিনীর বিভিন্ন সংস্থার নামে ‘ভুয়া ওয়েবসাইট, ফেইসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল’ খুলে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দুদিন আগে সবাইকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

নির্বাচনকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে নির্বাচন কমিশনের আট সদস্যের একটি মনিটরিং টিমও কাজ করছে।

পুরনো খবর:

সেনাবাহিনীর ‘ভুয়া ওয়েবসাইট’ নিয়ে সর্তক থাকার আহ্বান
বাংলাদেশের ১৫টি পাতা-একাউন্ট বন্ধ করেছে ফেইসবুক
বাংলাদেশের ১৫টি অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটারও