২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি পর্যবেক্ষক প্রয়োজন নেই: সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর

বাংলাদেশে বর্তমান পরিবেশে নির্বাচন পর্যবেক্ষণে কোনো বিদেশি পর্যবেক্ষক প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2018, 10:41 PM

Updated : 19 Aug 2022, 03:04 PM

সোমবার ঢাকায় জাতীয় জাদুঘরে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় সংগঠনটির চেয়ারম্যান ওয়ালিউর রহমান বলেন, “বিদেশি কোনো অবজারভার আমাদের দরকার নেই। আমরা জানি কীভাবে নির্বাচন করতে হবে।

“এটা আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন। আগামী নির্বাচনে বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশন কোনো বিদেশি পর্যবেক্ষক দেখতে চায় না।”

বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে বরাবরই বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা আসেন। এবার একাদশ সংসদ নির্বাচনেও আসছেন।

তবে ‘যথাসময়ে’ ভিসা না দেওয়ায় নির্বাচন পর্যবেক্ষণের মিশন বাতিল করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (অ্যানফ্রেল), যাদের অর্থায়ন করে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় যুক্তরাষ্ট্র হতাশা প্রকাশ করেছে। ওয়াশিংটনের প্রতিক্রিয়ায় আবার হতাশা প্রকাশ করেছে বাংলাদেশ।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর কথিত এজেন্টের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের কথিত টেলি কথোপকথন প্রসঙ্গে ওয়ালিউর বলেন, “আইএসআইর সঙ্গে বিএনপির একজন নেতার সম্পর্ক থাকা… আমি বিএনপির মরাল অথেনটিসিটি নিয়ে প্রশ্ন করছি।”

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেনের উদ্দেশে তিনি বলেন, “আজকে কামাল হোসেন ঐক্যফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন। তিনি কোথায় ছিলেন? ৪০ বছর পর তিনি কোত্থেকে উদয় হলেন?”