২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির ভেতর থেকে সমস্যা ঘটার আশঙ্কা অধ্যাপক মীজানের

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ভূমিকার প্রেক্ষাপটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে ইসির ভেতর থেকে ‘সমস্যার’ আশঙ্কা প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2018, 04:08 PM

Updated : 08 Apr 2022, 07:31 PM

একাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণের এক সপ্তাহ আগে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, “আশঙ্কা করছি নির্বাচন কমিশনের ভেতরে সমস্যা ঘটার সম্ভাবনা রয়েছে। ২-১ জন কমিশনার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলবে।”

ইভিএমসহ নানা বিষয়ে সহকর্মীদের সঙ্গে ভিন্নমত পোষণ করে আসা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সম্প্রতি নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত হয়নি বলে মন্তব্য করে আলোচনার জন্ম দেন।

তার এই বক্তব্য ‘অসত্য’ বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা; তা নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন মাহবুব তালুকদার।

আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক মীজানুর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত যে তার দিকে, তা স্পষ্ট।

তিনি বলেন, “যার কথা বলছি তিনি বই লিখেছেন। সেখানে তিনি লিখেছেন, তিনি জীবনে কোথাও সফল হননি। তিনি লিখেছেন এটা। যিনি নিজে কোথাও সফল হননি, তিনি এবারও ব্যর্থ হবেন।”

নির্বাচন কমিশন গঠনের সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে তাদের প্রস্তাবিত নাম নেওয়া হয়েছিল। তখন বিএনপির তালিকায় মাহবুব তালুকদারের নাম ছিল বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আমাদের অনেক সময় আলোচনায় দ্বিমত থাকে। আমরাও নোট অব ডিসেন্ট দিই। কিন্তু সেগুলো বাইরে বলি না। উনি নোট অব ডিসেন্ট দিয়ে প্রকাশ্যে বললেন। এসব বিষয়ও নির্বাচন পর্যবেক্ষকদের মনিটর করতে হবে।”

বিএনপি ও তাদের জোটসঙ্গীরা এবারের নির্বাচনেও ধর্মীয় জিগির তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই যুবলীগ নেতা।

ইসির নিবন্ধিত ২৫টি পর্যবেক্ষক ও ২৬টি বেসরকারি সংস্থার (এনজিও) সম্মিলিত মোর্চা ‘ইলেকশন মনিটরিং ফোরাম’ এর এই আলোচনা সভায় আইনজীবী তুরিন আফরোজ ‘বিএনপিঘনিষ্ঠ’ তিনটি পর্যবেক্ষক সংস্থা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, “নির্বাচন কমিশন থেকে পর্যবেক্ষক হিসেবে ১৭টি সংগঠনকে এপ্রুভড করা হয়েছে। একটি পর্যবেক্ষক দলকে নির্দলীয় থাকতে হবে। এর মধ্যে দলীয় পর্যবেক্ষক দল থাকলে তখন তারা ঘোলা পানিতে মাছ ধরবার চেষ্টা করে।

“১৭টির মধ্যে ৩টি সংগঠনকে আইডেন্টিফাই করেছি আমি। একটি ডেমোক্রেসি ওয়াচ। যেটির নির্বাহী পরিচালক তালেয়া রহমান। তিনি কে? এই ডেমোক্রেসি ওয়াচের প্রতিষ্ঠিতা শফিক রেহমান। তিনি কে? তিনি হচ্ছেন অবশ্যই একটি রাজনৈতিক দলের নেতা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ মামলার আসামি। একসময় তার বাসভবন আগের হাওয়া ভবন হিসেবে পরিচিত ছিল। ডেমোক্রেসি ওয়াচ পর্যবেক্ষণ করতে পারবে না তার যোগ্যতা নেই, সেটি আমি বলছি না। আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের একটি সংগঠন যখন পর্যবেক্ষণে যাবে নানারকম সমস্যা সৃষ্টি হতে পারে। যেহেতু দলীয় লোক থাকবে।

“দুই নম্বর হচ্ছে খান ফাউন্ডেশন। এটির নির্বাহী পরিচালক রোকসানা খন্দকার। তিনি কে? তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের স্ত্রী। মঈন খান সাহেবের বাবা জিয়াউর রহমানের খাদ্যমন্ত্রী ছিলেন। এই সংস্থাটির রাজনৈতিক পরিচয় আছে।

“আরেকটি সংগঠন আছে, লাইট হাউজ। বগুড়ায় তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করতে যাচ্ছে। এদের নির্বাহী পরিচালক হারুনুর রশীদ। তারেক রহমানের আশীর্বাদপুষ্ট ও অত্যন্ত ঘনিষ্ঠ।”   

গুলশানের লেইক শোর হোটেলে ‘অগ্রগতির বাংলাদেশ : জাতীয় সংসদ নির্বাচন ও জনগণের প্রত্যাশা’ শীর্ষক ওই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ।