২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির নির্দেশনায় গাইবান্ধার ডিসি সেবাস্টিনকে প্রত্যাহার

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পর গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) সেবাস্টিন রেমাকে প্রত্যাহার করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2018, 09:14 PM

Updated : 19 Aug 2022, 03:03 PM

উপসচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আলাদা আদেশে মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মো. আব্দুল মতিনকে গাইবান্ধার ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আব্দুল মতিন এখন রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, কাজে ‘সক্রিয়’ না থাকায় গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সেবাস্টিন রেমা এবং বাবা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ায় এডিসি সাইফুলকে প্রত্যাহার করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় ইসি।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঠাকুরগাঁও সদর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসিকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে ইসি।

নির্বাচনের আগে প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, “নির্বাচন কমিশনের এই এখতিয়ার অবশ্যই রয়েছে। তবে নির্বাচন কমিশন যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে, তারা আত্মপক্ষের সমর্থন দেওয়ার সুযোগ হতে বঞ্চিত হয়েছেন।"

পুরনো খবর:

একজন রিটার্নিং কর্মকর্তা ও ৪ জন ওসিকে প্রত্যাহারের নির্দেশ
ইসির নির্দেশনার পর ফরিদপুরের এডিসি প্রত্যাহার
ডিসি-ওসি প্রত্যাহার নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের