২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সাবেক র‌্যাব কর্মকর্তার স্ত্রী

মিরপুর ডিওএইচএস এলাকা থেকে নিখোঁজ হওয়া সাবেক র‌্যাব কর্মকর্তা হাসিনুর রহমানকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার স্ত্রী শামীমা আখতার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2018, 10:11 PM

Updated : 08 Apr 2022, 07:26 PM

শুক্রবার সকালে বাংলাদেশে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নিকট শেষ আশ্রয়স্থল হিসেবে আবেদন জানাচ্ছি, তিনি যেন আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

“আমি জানি, স্বজন হারানোর বেদনা মাননীয় প্রধানমন্ত্রীর মতো কেউ বুঝবেন না। তাই আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুকম্পা কামনা করছি।”

লেফটেন্যান্ট কর্নেল পদে থাকাকালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছিলেন হাসিনুর রহমান ডিউক। তার আগে ২০০৯ সালে চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক ছিলেন তিনি। সে সময় তার বিরুদ্ধে নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নিশ্চিত করেছিল র‌্যাব। পরে রাষ্ট্রদ্রোহের মামলায় চাকুরিচ্যুত হয়ে কয়েক বছরের সাজা খাটেন হাসিনুর।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, শিক্ষার্থীদের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সময় হাসিনুরের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে ছিল।

গত ৮ অগাস্ট রাত সোয়া ১০টার দিকে দুটি মাইক্রোবাসে আনুমানিক ১৪-১৫ জন লোক মিরপুরের ডিওএইচএস এলাকা এসে হাসিনুরকে তুলে নিয়ে যায় বলে জানান শামীমা।

তিনি বলেন, “প্রত্যক্ষদর্শীরা বলেছেন, যারা হাসিনুরকে উঠিয়ে নিয়ে যায় তারা সাদা পোশাকে ছিলেন। পল্লবী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে, কিন্তু চার মাস হলো এখনও আমার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।”

স্বামীকে ‘সম্পূর্ণ নির্দোষ’ দাবি করে তিনি বলেন, “উনি কোনো কিছুর সঙ্গে জড়িত নন।”

“২৮ বছর নিষ্ঠার সাথে আমার স্বামী সেনাবাহিনীতে কাজ করেছেন। দেশের প্রতি অবদানের জন্য তিনি বাংলাদেশ রাইফেলস পদক, বীর প্রতীক ও বিপিএম খেতাব পেয়েছেন।”

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শামীমা বলেন, “২০১১ সালে একবার কোর্ট মার্শালে তার (হাসিনুর) পাঁচ বছরের সাজা হয়। কিন্তু তদন্ত করার পর দেড় বছর কারাভোগ করে তিনি বের হন।

“আমার স্বামীকে ভুল বোঝা হচ্ছে।”

কারাভোগের পর হাসিনুর ‘মানসিকভাবে বিপর্যস্ত’ ছিলেন বলে দাবি করেন শামীমা আখতার।

সাবেক এই সেনা কর্মকর্তার অনুসন্ধানে তদন্তের অগ্রগতি জানতে চাইলে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, “কিছু দিন আগেও পুলিশ হাসিনুরের পরিবারের সঙ্গে কথা বলেছে। তাকে খুঁজে পেতে কাজ চলছে।”