ফ্লাইওভার শহরের জন্য অভিশাপ: আবদুল্লাহ আবু সায়ীদ
ফ্লাইওভারকে শহরের জন্য একটি ‘অভিশাপ’ হিসেবে বর্ণনা করে বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, এ দেশে ফ্লাইওভার বানানো হচ্ছে ‘কিছু লোকের লাভের জন্য’।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের ২৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার এক সেমিনারে তার এ মন্তব্য আসে।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, “ফ্লাইওভার একটি শহরের জন্য অভিশাপ। পৃথিবীর অনেক শহরে ফ্লাইওভার ভেঙে ফেলা হচ্ছে, আমাদের শহরেও একসময় ভেঙে ফেলতে হবে।”
ফ্লাইওভার হলে মাঝখান থেকে কিছু লোকের শুধু লাভ হয় মন্তব্য করে তিনি বলেন, “এটাই হচ্ছে ঘটনা। কারণ ফ্লাইওভার হলেই টাকা। ২০০ কোটিতে শুরু হলেও ব্যয় দুই হাজার কোটিতে নিয়ে যাবে। তো এ থেকে একটা বালুকণা সমান টাকা পকেটে ঢুকলেও লাভ।”
ফ্লাইওভারের ওপরে যতটুকু রাস্তা, নিচের ততটুকু রাস্তাই অব্যবহৃত অবস্থায় থেকে যায় মন্তব্য করে এইভাবে ফ্লাইওভার তৈরির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন অধ্যাপক সায়ীদ।
তিনি বলেন, “তাহলে উপরের রাস্তার প্রয়োজন কেন? নিচের রাস্তা দিয়েই তো চলতে পারি।”
সাম্প্রতিক সময়ে ঢাকায় কয়েকটি ফ্লাইওভার তৈরি হওয়ার পর এক জায়গায় যানজট কমলেও নামার মুখে যে নতুন করে যানজট সৃষ্টি হচ্ছে- সে বিষয়টি তুলে ধরেন আবদুল্লাহ আবু সায়ীদ।
“আমাদের ফ্লাইওভারগুলোতে উঠতে পারবেন, কিন্তু নামতে পারবেন না। বাংলামোটরের ওখানে নামার জায়গায় একমাইল লম্বা জ্যাম। এ যেন মাছ ধরার চাঁই, ‘যাইতে হারে তো আইতে হারে না’।”
ঢাকার রিকশা এবং চলাচলের ফুটপাত নিয়ন্ত্রণ করা গেলে এভাবে হাজার হাজার কোটি টাকা ‘নষ্ট করার’ প্রয়োজন হত না বলেও মত দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
দীর্ঘ ২৫ বছর নিরাপদ সড়ক চাই আন্দোলনের সঙ্গে থাকায় সেমিনারে সবাইকে ধন্যবাদ জানান এ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, নানা প্রতিবন্ধকতায় সড়ক নিরাপদ করা যাচ্ছে না।
“আমরা সবাই আমাদের দায়িত্ব পালন করি না। অনেকে চাইলেও তার দায়িত্ব পালন করতে পারেন না। অনেক ব্যাপার আছে। আমরা সাধারণ মানুষও আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারিনি। তবে সবাই দায়িত্ব নিয়ে কাজ করলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।”
সরকারি উদ্যোগের পর ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা কিছু কমলেও দেশের অন্যান্য সড়কে দুর্ঘটনা কমাতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মত দেন সাত বছর আগে মানিকগঞ্জের এক সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মিশুক মুনীরের স্ত্রী মঞ্জলী মুনীর।
তিনি বলেন, “আমি সরকারের কাছে আরও ভালো উদ্যোগ আশা করব। আমার একটা পরামর্শ আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটা বুথ খোলা, মনিটরিং অফিস খোলার। তাহলে বোঝা যাবে, উনারা খেয়াল করবেন যে প্রতিদিন কতগুলো অ্যাক্সিডেন্ট হয়। সরকারের দায়িত্ববোধ থেকে এটা করা উচিত বলে আমি মনে করি।”
হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম সেমিনারে বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি নিজেদেরও সচেতন হতে হবে।
তিনি বলেন, অনেক সময় অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে সাধারণ মানুষও বিরূপ আচরণ করে।
“নিজ থেকে সচেতনতা তৈরি না হলে এনফোর্স করা খুব কঠিন। রাস্তায় অবৈধ অটোরিকশা চলছে, আমরা বাধা দিতে গেলে আমাদের সঙ্গে মারামারি হচ্ছে। আমি জয়েন করার পর ১৮ বার এরকম ঘটনা ঘটেছে। তার মধ্যে হবিগঞ্জের একটা এলাকায় ১৭ জন পুলিশ একদিনে আহত হয়েছে।”
২০১৫ সালে দুই হাজার ৬২৬টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার তিনজন নিহত এবং ছয় হাজার ১৯৭ জন আহত হন।
২০১৬ সালে দুই হাজার ৩১৬টি সড়ক দুর্ঘটনায় চার হাজার ১৪৪ জন নিহত, পাঁচ হাজার ২২৫ জন আহত হন।
২০১৭ সালে তিন হাজার ৩৪৯টি দুর্ঘটনায় পাঁচ হাজার ৬৪৫ জন নিহত এবং সাত হাজার ৯০৮ জন আহত হন।
মূল প্রবন্ধে বলা হয়, সড়ক দুর্ঘটনার শিকার বেশি হয় পথচারীরা। ২০১৭ সালে এক হাজার ৯৬৪টি দুর্ঘটনায় দুই হাজার ৮০৪ জন পথচারী নিহত হন। এটি মোট দুর্ঘটনার পঞ্চাশ শতাংশের বেশি।
অসচেতনভাবে রাস্তা পারাপার, রাস্তায় হাঁটা, রাস্তার পাশে হাটবাজার-শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় পথচারীরা দুর্ঘটনায় বেশি পড়ে বলে তথ্য দেন এহসানুল হক কামাল।
এছাড়া মোটরসাইকেল এবং অবৈধ যানবাহনকে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে তুলে ধরা হয় সেমিনারে।
সড়ক দুর্ঘটনা কমাতে কয়েকটি সুপারিশও করা হয় মূল প্রবন্ধে। এর মধ্যে গণমাধ্যমে ধারাবাহিকভাবে সচেতনতামূলক কার্যক্রমের প্রচার, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি শক্তিশালী মনিটরিং সেল গঠন, এইচএসসি পর্যন্ত পাঠক্রমে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক পাঠ অন্তর্ভুক্ত করা, ট্রাফিক আইন কঠোরভাবে মানতে বাধ্য করা, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের পরামর্শও রয়েছে।
অন্যদের মধ্যে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আবদুল কাইয়ুম, বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম ফজলুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশেদা রওনক খান সেমিনারে বক্তব্য রাখেন।
