২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মলয় বোস হত্যা: মৃত্যুদণ্ডের ৫ আসামির যাবজ্জীবন, চারজন খালাস

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয় বোসকে হত্যার ঘটনায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় আসামির মধ্যে পাঁচজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকিদের খালাস দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2018, 10:03 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের আবেদন (ডেথ রেফারেন্স) এবং আসামিদের আপিল শুনানি করে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এস এম আব্দুল মবিনের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।

২০১২ সালের ৭ ফেব্রুয়ারি ফরিদপুর শহরের কোতয়ালি এলাকার রণকাইল গ্রামে প্রতিপক্ষের হাতে খুন হন আটঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয় (৪৫)।

ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১৩ সালে এ মামলার ৩০ আসামির মধ্যে নয় জনের মৃত্যুদণ্ড, ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে দুই বছরের কারাদণ্ড দেয়। অপরাধ প্রমাণিত না হওয়ায় আট জনকে খালাস দেওয়া হয়।

নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া আসামিদের মধ্যে মিজানুর মোল্লা, মামুন মাতুব্বর, মনিরুজ্জামান শেখ, উজ্জ্বল বেপারী ও বেলায়েত হোসেন বেলা হাই কোর্টের রায়ে যাবজ্জীবন পেয়েছেন।

আর ইমামুল হোসেন তারা মিয়া, বকুল মাতুব্বর, হাশেম মোল্লা, মোশারফ হোসেন মোল্লা হাই কোর্টে খালাস পেয়েছেন।

এই আসামিদের মধ্যে তারা মিয়া সালথা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও গোট্টি ইউনিযয়ন পরিষদের (ইউপি) প্রাক্তন চেয়ারম্যান। আর বকুল মাতুব্বর আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

বিচারিক আদালতে যাবজ্জীবন সাজার রায় পাওয়া ১২ জনের মধ্যে চারজনের সাজা বহাল রেখে বাকি আটজনকে খালাস দিয়েছে হাই কোর্ট।

সত্তার মোল্লা, আক্কাস শিকদার, নজরুল শেখ ও ইমরান মাতুব্বরের যাবজ্জীবন সাজা হাই কোর্ট বহাল রেখেছে। খালাস পেয়েছেন আজাদ মোল্লা, সোহেল মিয়া, আমিনুর মাতুব্বর, নসরু খান, হাতেম মোল্লা, অলিয়ার রহমান অলি, মিরাজ সরদার ও সেন্টু মাতুব্বর।

হাই কোর্টের এই রায়ের ফলে বিচারিক আদালতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ড পাওয়া ২১ আসামির মধ্যে ১২ আসামিই খালাস পেলেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান ও মারুফা আক্তার শিউলী।

মনিরুজ্জামান রুবেল পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারিক আদালতে মুত্যুদণ্ড পাওয়া মনিরুজ্জামান শেখ ও বেলায়েত হোসেন বেলা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন।

“সেই জবানবন্দিতে যাদের নাম এসেছে, মামলার ছয় জন চাক্ষুস সাক্ষীর জবানবন্দিতে উঠে আসা নামের সঙ্গে তার গড়মিল পাওয়া গেছে। ফলে বেনিফিট অব ডাউট নিয়ে ১২ জন খালাস পেয়েছেন।”

রুবেল বলেন, অপরাধের গভীরতা বিবেচনা করে চার আসামিকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন দেওয়া হয়েছে বলে হাই কোর্টের রায়ে উল্লেখ করা হয়েছে।  

১২ জনকে খালাস এবং ৫ আসামির সাজা কমিয়ে হাই কোর্ট যে রায় দিয়েছে, তার বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী। 

মনিরুজ্জামান রুবেল বলেন, বিচারিক আদালতে যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া আসামিদের সবাই জামিনে আছেন। আর মৃত্যুদণ্ড পাওয়াদের মধ্যে মনিরুজ্জামান শেখ বাদে সবাই কারাগারে আছেন। মনিরুজ্জামান শেখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও জামিন নেওয়ার পর থেকে পলাতক। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয় হত্যাকাণ্ড সে সময় গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। ঘটনার দুই দিন পর ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী ববিতা বোস ফরিদপুরের কোতয়ালি থানায় মামলা করেন। ২০১২ সালের নভেম্বরে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

মামলার বিবরণে জানা যায়, আওয়ামী লীগ সমর্থক স্থানীয় দুটি পক্ষের দ্বন্দ্বের জেরে মলয়কে হত্যা করা হয়। হত্যার আগে মলয়কে বার বার হুমকি দেয় আসামিরা। বিষয়টি নিয়ে নিহতের পরিবারের সদস্যরা এলাকায় সংবাদ সম্মেলনও করে।

ঘটনার দিন মলয় তার অনুসারী মো. সোহাগের মোটর সাইকেলে করে যাওয়ার সময় আসামিরা তাকে ঘেরাও করে কুপিয়ে হত্যা করে।

রাষ্ট্রপক্ষে ১৯ জনের সাক্ষ্য নেওয়ার পর ২০১৩ সলের ২৪ মার্চ ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন এ মামলার রায় দেন।

পুরনো খবর:

মলয় বোস হত্যা: ৯ জনের ফাঁসি
ফরিদপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা