২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মলয় বোস হত্যা: ৯ জনের ফাঁসি

ফরিদপুরের আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয় কুমার বোস হত্যা মামলায় নয় জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

একই সঙ্গে মামলার ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড  এবং একজনকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন রোববার এই রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় আট জনকে বেকসুর খালাস দিয়েছেন তিনি।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ইমামুল হোসেন তারা মিয়া (৬৫), বকুল মাতুব্বর (৩২), মিজানুর মোল্লা (২২), মামুন মাতুব্বর (২৩), হাশেম মোল্লা (৪৭), মোশারফ হোসেন মোল্লা (৩২), মনিরুজ্জামান শেখ (২৮), উজ্জ্বল বেপারী (২৮) ও বেলায়েত হোসেন বেলা(২২)।

আসামিদের মধ্যে আজাদ মোল্লা (৩৮), সোহেল মিয়া (২৬), আমিনুর মাতুব্বর (৩৬), সত্তার মোল্লা (২৫), নজরুল শেখ (২৮), নসরু খান (২৯), হাতেম মোল্লা (৪৫), অলিয়ার রহমান অলি (২৬), ইমরান মাতুব্বর (২৫), আক্কাস শিকদার (২৪), মিরাজ সরদার (২৮), সেন্টু মাতুব্বরকে (২২) যাবজ্জীবন করাদণ্ড দেন বিচারক।

পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া পলাতক আসামি জাহাঙ্গীর ফকিরকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।  

মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার ২৭ জনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক। রায় শুনে কাঠগাড়ায় দাঁড়ানো আসামিরা হতাশায় ভেঙে পড়েন। কাউকে কাউকে চিৎকার করে কাঁদতে দেখা যায়।

ফরিদপুরের সালতা থানার আটঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মলয় (৪৫) গত বছরের ৭ ফেব্রুয়ারি ফরিদপুর শহরের কোতয়ালি এলাকার রণকাইল গ্রামের নিমাই দাসের বাড়ির সামনে প্রতিপক্ষের হাতে খুন হন।

সে সময় ওই হত্যাকাণ্ড গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। ঘটনার দুই দিন পর নিহতের স্ত্রী ববিতা বোস ফরিদপুরের কোতয়ালি থানায় মামলা করেন।

গত বছরের নভেম্বর মাসে মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি এস এম রফিকুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, আওয়ামী লীগ সমর্থক স্থানীয় দুটি পক্ষের দ্বন্দ্বের জেরে মলয়কে হত্যা করা হয়।হত্যার আগে মলয়কে বার বার হুমকি দেয় আসামিরা। বিষয়টি নিয়ে নিহতের পরিবারের সদস্যরা এলাকায় সংবাদ সম্মেলনও করে ।

ঘটনার দিন মলয় তার অনুসারী মো. সোহাগের মোটর সাইকেলে করে যাওয়ার সময় আসামিরা তাকে ঘেরাও করে কুপিয়ে হত্যা করে।

গ্রেপ্তারের পর আসামি বেলায়েত ও মনিরুজ্জামান হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে অন্য আসামিদেরও নামও প্রকাশ করে তারা।

জামিনে থাকা মনিরুজ্জামান, জাহাঙ্গীর, আক্কাস মামলার সাক্ষ্য শেষ হওয়ার পর পালিয়ে যান।

মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয় ।