২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল ওয়েবসাইটে ভুয়া খবর, এনামুল ফের রিমান্ডে

নির্বাচন সামনে রেখে বিভিন্ন জাতীয় পত্রিকার আদলে ২২টি নকল ওয়েবসাইট তৈরি করে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগে গ্রেপ্তার এনামুল হককে আরও এক দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2018, 09:18 PM

Updated : 19 Aug 2022, 02:57 PM

ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাইরুজ তাসনীম বৃহস্পতিবার শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে এনামুলকে এদিন আদালতে হাজির করে আরও সাত দিনের হেফাজতের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কমলাপুর রেলওয়ে থানা পুলিশের এসআই মিজানুর রহমান।

শুনানিতে তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং আসামির সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

অন্যদিকে এনামুলের আইনজীবী আজমত হোসাইন এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এক দিনের রিমান্ডের আদেশ দেন।

নির্বাচন সামনে রেখে গত কয়েক মাস ধরে প্রথম আলো, বাংলা ট্রিবিউন, বিবিসি বাংলার মত বিভিন্ন নিউজ পোর্টালের আদলে বেশ কিছু ভুয়া ওয়েবসাইট তৈরি করে বানোয়াট ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।

মূল ওয়েবসাইটের নামের সঙ্গে একটি হরফ যোগ করে দিয়ে একই রকম লোগো ও ইউআরএল ব্যবহার করা হচ্ছে এসব ক্ষেত্রে। সেসব ভুয়া খবর ফেইসবুকেও ছড়ানো হচ্ছে, ফলে বিভ্রান্ত হচ্ছে পাঠক।  

এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর গত ২৪ নভেম্বর এনামুলকে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

মামলায় বলা হয়, দক্ষিণ কোরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণারত এনামুল অন্তত ২২টি ওয়েবসাইট নকল করে সেগুলোতে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের মাধ্যমে অর্থ উপার্যন করে আসছিলেন। ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত এনামুল ওয়েবসাইট চালিয়ে পাওয়া অর্থের একটি বড় অংশ সংগঠনের তহবিলে দিতেন।

একই অভিযোগে বুধবার ঢাকার মোহাম্মদপুর ও গাজীপুরের টঙ্গী থেকে আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

পুরনো খবর:

নকল ওয়েবসাইটে মিথ্যা সংবাদ, গ্রেপ্তার ২
‘ওয়েবসাইট নকল করে ভুয়া খবর প্রকাশে’ গ্রেপ্তার এনামুল রিমান্ডে